ঢাকা সোমবার , ২২ আগস্ট ২০২২
আজকের সর্বশেষ সবখবর

ডিসি পদে ২৫ ব্যাচের পদায়ন আসন্ন

আইএম নিউজ
আগস্ট ২২, ২০২২ ৮:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিনিধি :: ডিসি পদে প্রশাসন ক্যাডারের ২৫তম ব্যাচের পদায়ন শিগগির শুরু হতে পারে। এ সপ্তাহে শেষ হচ্ছে ডিসি ফিটলিস্ট পরীক্ষা। এরপর চূড়ান্ত হবে নতুন ডিসি ফিটলিস্ট।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, এবারের ডিসি ফিটলিস্ট পরীক্ষা মার্চে শুরু হলেও করোনা পরিস্থিতিসহ নানা কারণে তা শেষ হতে বিলম্বিত হয়েছে। ২৮ আগস্ট ফিটলিস্ট পরীক্ষা শেষ হচ্ছে। এবারের ডিসি ফিটলিস্ট পরীক্ষায় ২৪তম ব্যাচের অবশিষ্ট তালিকা থেকে ডাকা হয়েছে ১৭০ জনকে এবং ২৫তম ব্যাচ থেকে অংশ নিচ্ছেন ১৩০ জন।

বর্তমানে কর্মরত ডিসিরা ২১, ২২ ও ২৪ ব্যাচ থেকে নিয়োগ পেয়েছেন। নতুন ডিসি ফিটলিস্ট চূড়ান্ত হওয়ার পর পর্যায়ক্রমে ২১ ও ২২ ব্যাচ থেকে কয়েকজনকে প্রত্যাহার করে সেখানে ২৪ ও ২৫ ব্যাচ থেকে পদায়ন করা হবে। অতীতে দেখা গেছে, সিনিয়র ডিসিরা যুগ্ম সচিব পদে পদোন্নতি পাওয়ার পর তাদের প্রত্যাহার করে ডিসি পদে নতুন পদায়ন ও রদবদল করা হয়।

সূত্রমতে, ২১তম ব্যাচের যুগ্ম সচিব পদে পদোন্নতির প্রস্তুতি চূড়ান্ত হলেও প্রস্তাবটি এসএসবির বৈঠকে উপস্থাপনে কিছুটা বিলম্ব হচ্ছে। তবে নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, আগামী মাসে না হলেও অক্টোবরে যুগ্ম সচিব পদে ফের পদোন্নতি আয়োজনের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এর আগে যুগ্ম সচিব পদে ৮২ জনকে পদোন্নতি দেওয়া হয় ২৯ জুন। এত কম সময়ের ব্যবধানে পুনরায় যুগ্ম সচিব পদে পদোন্নতি দেওয়া নিয়ে পক্ষে-বিপক্ষে যুক্তিও দিচ্ছেন কেউ কেউ।

সূত্র জানায়, ডিসি পোস্টিংয়ের নতুন ফিটলিস্টে সরকারের গুডবুকে থাকা বেশ কয়েকজন আস্থাভাজন কর্মকর্তা যুক্ত হচ্ছেন। যাদের প্রথমদিকে পোস্টিং দেওয়া হতে পারে। আগামী জাতীয় নির্বাচনের আগে মাঠপ্রশাসনে বড় ধরনের রদবদল না হলে নতুন করে নিয়োগ পাওয়া অতি আস্থাভাজন ডিসিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের সুযোগ পাবেন। এ সারির কয়েকজন কর্মকর্তা যুগান্তরকে বলেন-২১, ২২ ও ২৪ ব্যাচকে যে ধারাবাহিকতায় ডিসি পদে পদায়ন করা হয়েছে তারাও সেভাবে পদায়ন চান। তারা বলেন, তাদের ব্যাচ ২১ আগস্ট ১৬ বছর পার করে চাকরির ১৭ বছরে পদার্পণ করেছে।

এছাড়া তাদের দুটি জাতীয় নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের অভিজ্ঞতা রয়েছে। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের সময় এ ব্যাচের কর্মকর্তাদের অনেকে মাঠপ্রশাসনে ইউএনও ছিলেন। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর নির্বাচনের সময় ছিলেন এডিসি। ফলে ডিসি হিসাবে তাদের মধ্য থেকে ফিট কর্মকর্তাদের দ্রুত নিয়োগ দেওয়া হলে তারা মাঠপ্রশাসনে আরও ভালো ভূমিকা রাখতে পারবেন।

নীতিমালা অনুযায়ী ডিসি ফিটলিস্ট পরীক্ষা দেওয়ার যোগ্যতা হিসাবে সংশ্লিষ্ট কর্মকর্তাকে ৮ বছর মাঠপ্রশাসনে কাজ করতে হয়। এরমধ্যে ইউএনও কিংবা এডিসি হিসাবে কমপক্ষে ২ বছর দায়িত্ব পালনের বাধ্যবাধকতা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন....