ঢাকা সোমবার , ১৩ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

আইনজীবীকে মারধর করে কারাগারে কাউন্সিলর

অনলাইন ডেস্ক
মার্চ ১৩, ২০২৩ ৮:২১ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুরে হামলা চালিয়ে সুপ্রিমকোর্টের আইনজীবী আনাস কামালকে মারধরের ঘটনার মামলায় পৌর কাউন্সিলর রিয়াজ পাটওয়ারী রাজুসহ দুইজনের জামিন নামঞ্জুর করা হয়েছে।

সোমবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সদর) আমলি আদালতের বিচারক আবু ইউছুফ তার জামিন নামঞ্জুর করেন। এতে তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী হাসান আল মাহমুদ বলেন, আসামিরা উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিনে ছিলেন। মেয়াদ শেষ হওয়ায় আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন। আদালত তাদের আবেদন নামঞ্জুর করেন। একই সঙ্গে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

গ্রেফতার রাজু লক্ষ্মীপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও অপরজন তার ভাই বিপু পাটওয়ারী।

এজাহার সূত্র জানা যায়, ২৩ জানুয়ারি লক্ষ্মীপুর পৌরসভার লাহারকান্দি এলাকায় কাউন্সিলর রাজু ও আইনজীবী কামালদের বাড়ির রাস্তা সংস্কার করা হচ্ছিল। এ সময় কামালদের জমির ওপর দিয়ে রাস্তা নেওয়ার সময় বাধা দেওয়া হয়। এতে রাজুর ছোট ভাই বিপুর সঙ্গে কামালের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে বিপু লোকজন নিয়ে ফের পৌরসভার লক্ষ্মীপুর-রামগতি সড়কের মিয়ার রাস্তা এলাকায় কামালের ওপর হামলা চালায়।

এ সময় আশপাশের লোকজন ঘটনাটির ভিডিও ধারণ করে টিকটক ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়। এতে দেখা যায় কাউন্সিলর রাজুসহ অভিযুক্তরা কামালকে এলোপাতাড়ি কিল-ঘুসি দিচ্ছেন। এ ঘটনায় ওই রাতেই কামালের বড়ভাই ওসমান গনি বাদী হয়ে কাউন্সিলর রাজুসহ ৫ জনের নামে মামলা দায়ের করেন।

সংবাদটি শেয়ার করুন....