ঢাকা বুধবার , ৩১ আগস্ট ২০২২
আজকের সর্বশেষ সবখবর

পাঁচ বছর দণ্ডিত ভূমির সেই কুতুবের জামিন বাতিল

আইএম নিউজ
আগস্ট ৩১, ২০২২ ৭:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

আইএম নিউজ ডেস্ক :: ভুয়া আমমোক্তারনামার মাধ্যমে গুলশানে ১০ কাঠার প্লট বরাদ্দের মামলায় ৫ বছরের কারাদণ্ডপ্রাপ্ত ভূমি মন্ত্রণালয়ের সাবেক প্রশাসনিক কর্মকর্তা কুতুব উদ্দিন আহমেদকে হাইকোর্টের দেওয়া জামিন বাতিল করে আদেশ দিয়েছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।

বুধবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. নূরুজ্জামানের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে ওই মামলায় কুতুব উদ্দিন আহমেদকে হাইকোর্টের দেওয়া জামিন আট সপ্তাহের জন্য স্থগিত করেছিলেন চেম্বার আদালত।

আদালতে এদিন কুতুব উদ্দিনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মুনসুরুল হক চৌধুরী। আর দুদকের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মো. খুরশীদ আলম খান।

পরে আইনজীবী মুনসুরুল হক চৌধুরী বলেন, আদালত জামিন দেননি। আবেদনটি নিষ্পত্তি করে দিয়েছেন।

কুতুব উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ, তিনি সরকারি কর্মকর্তা হওয়ার পরও ভুয়া আমমোক্তারনামার মাধ্যমে গুলশানে ১০ কাঠার একটি প্লট তার শ্বশুরসহ কয়েকজনের নামে বরাদ্দ করেন। শ্বশুর ও স্বজনদের নামে গুলশানের অভিজাত এলাকায় সরকারি ১০ কাঠা জমি ক্রয় দেখিয়ে নিজেই বসবাস করেন।

২০১৮ সালের ৮ এপ্রিল রাজধানীর গুলশান থানায় কুতুব উদ্দিনের নামে মামলা করেন দুদকের উপপরিচালক মির্জা জাহিদুল আলম। পরে তাকে গ্রেফতার করা হয়।

প্লট বরাদ্দের এ মামলায় ১৪ ফেব্রুয়ারি কুতুব উদ্দিন আহমেদকে ৫ বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত। ১৫ মার্চ নিম্ন আদালতের সাজার বিরুদ্ধে কুতুবের আপিল শুনানির জন্য গ্রহণ করেন হাইকোর্ট। এরপর কয়েকবার তিনি আদালতে জামিন আবেদন করেন। হাইকোর্ট তাকে ৬ মাসের জামিন দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন....