ঢাকা মঙ্গলবার , ৪ এপ্রিল ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

কাভার্ডভ্যান চাপায় তামান্নার মৃত্যু : রিমান্ড শেষে কারাগারে চালক

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ৪, ২০২৩ ৩:১৫ অপরাহ্ণ
Link Copied!

মোটরসাইকেলে করে বাসায় ফেরার পথে রাজধানীর লালবাগের বেড়িবাঁধ এলাকায় কাভার্ডভ্যান চাপায় সানজিদা আক্তার তামান্নার মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় চালক শামীমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৪ এপ্রিল) একদিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আশেক ইমামের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতের লালবাগ থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক শওকত আকবর বিষয়টি জানিয়েছেন।

জানা গেছে, নিহত সানজিদা আক্তার তামান্না নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। শুক্রবার (৩১ মার্চ) রাতে ধানমন্ডি আবাহনী মাঠের সামনে থেকে মোটরসাইকেলে করে লালবাগ হয়ে কামরাঙ্গীরচরের বাসায় যাচ্ছিলেন তিনি। লালবাগ বেড়িবাঁধ এলাকায় এলে একটি কাভার্ডভ‍্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে পেছন থেকে সানজিদা পড়ে যান। এ সময় ওই কাভার্ডভ‍্যানটি সানজিদার ওপর দিয়ে চলে যায়। সেখান থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই সায়েম বাদী হয়ে লালবাগ থানায় মামলা করেন।

সংবাদটি শেয়ার করুন....