সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পাল্টাপাল্টি ইফতার মাহফিল নিয়ে বিএনপি ও আওয়ামীপন্থি আইনজীবীদের হাতাহাতি, ধাওয়া পাল্টা ধাওয়া বিক্ষোভ ও চেয়ার টেবিল ভাঙচুরের ঘটনা ঘটেছে। ইফতার মাহফিলস্থলে বিএনপিপন্থি আইনজীবীরা ভাঙচুর চালিয়েছেন বলে অভিযোগ আওয়ামীপন্থি আইনজীবীদের।
বৃহস্পতিবার বিকেল ৪টায় সমিতির দুটি হল রুমে ইফতার মাহফিলের জন্য নির্ধারিত স্থানে দুই পক্ষের আইনজীবীদের মধ্যে হাতাহাতি ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় হল রুমে ইফতার মাহফিলের ব্যানার, চেয়ার টেবিল ভাঙচুর করা হয়।
বিকেল ৪টায় সমিতির অন্তর্বর্তীকালীন কমিটির (এডহক কমিটি) সদস্যরা ২নং হল রুমে প্রবেশ করে ব্যানার টানাতে গেলে আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা সেটি কেড়ে নেন। এ সময় দুই পক্ষের আইনজীবীদের মধ্যে হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একই সময় বিএনপি সমর্থক আইনজীবীরা কালোপতাকা মিছিল নিয়ে হল রুমে প্রবেশ করেন। এ সময় তারা চেয়ার টেবিল ফেলে দেন। এরপর বেলা সাড়ে ৪টা থেকে থেমে থেমে দুই পক্ষের আইনজীবীরা সমিতি ভবনে বিক্ষোভ করেন।
ভাঙচুরের ঘটনায় একে অপরকে দায়ী করেছে দুই পক্ষ। এ বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক জগলুল কবির বলেন, বিএনপির সন্ত্রাসীরা কোনো কারণ ছাড়াই ইফতার মাহফিলের জন্য নির্ধারিত দুটি হল রুমে ভাঙচুর করেছে। ইফতারের মতো পবিত্র একটি অনুষ্ঠানে বর্বরভাবে হামলা করা হয়েছে।
তবে তার এ অভিযোগ অস্বীকার করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল। তিনি বলেন, ভাঙচুরের সঙ্গে আমাদের কেউ জড়িত নন। এটা তাদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে হয়েছে। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছি।
