ঢাকা বুধবার , ১২ এপ্রিল ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ডা. জাফরুল্লাহ ছিলেন গরিবের চিকিৎসক :স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১২, ২০২৩ ১:১৬ অপরাহ্ণ
Link Copied!

স্বাধীনতা পদকে ভূষিত বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরী ছিলেন গরিবের চিকিৎসক। সবসময় তিনি গরীব মানুষের স্বাস্থ্যসেবা নিয়ে ভাবতেন।

বুধবার (১২ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান স্বাক্ষরিত এক শোক বার্তায় স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরী কেবল একজন চিকিৎসাবান্ধব মানুষই ছিলেন না, তিনি ছিলেন এক নির্ভীক ও প্রকৃত দেশপ্রেমে উদ্বুদ্ধ একজন খাটি দেশপ্রেমিক মানুষ। তিনি দেশের গরিব মানুষের স্বাস্থ্যসেবার উন্নয়ন নিয়ে ভাবতেন।

তিনি বলেন, মুক্তিযুদ্ধকালে ফিল্ড হাসপাতাল প্রতিষ্ঠা, জাতীয় ওষুধ নীতি প্রণয়ন ও গণস্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠার মাধ্যমে চিকিৎসাক্ষেত্রে দরিদ্র মানুষের সেবাদানে অসাধারণ ভূমিকা রেখেছেন ডা. জাফরুল্লাহ। জাতির প্রতি তার এই অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

এসময় স্বাস্থ্যমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এর আগে মঙ্গলবার (১১ এপ্রিল) রাতে গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন ডা. জাফরুল্লাহ।

৮২ বছর বয়সী জাফরুল্লাহ চৌধুরী বহু বছর ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি তার বার্ধক্যজনিত জটিলতাগুলো খারাপের দিকে যায়। এর মধ্যে সোমবার তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন....