ঢাকা বৃহস্পতিবার , ৮ সেপ্টেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

শিকলবন্দি জীবন থেকে মুক্তি পেলেন সাইফুদ্দীন

আইএম নিউজ
সেপ্টেম্বর ৮, ২০২২ ৬:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি :: চট্টগ্রামের আনোয়ারায় দীর্ঘদিন ধরে শিকলবন্দি থাকাবস্থায় সাইফুদ্দীন (২৮) নামে এক যুবককে উদ্ধার করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন।

দীর্ঘদিন ধরে তাকে মানসিক অসুস্থ অপবাদ দিয়ে একটি ঘরে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল বলে অভিযোগ উঠেছে তার ভাইদের বিরুদ্ধে।

এমন অভিযোগ পেয়ে বুধবার সন্ধ্যার সময় তার নিজ বাড়ি মালঘর উত্তর ইছাখালী থেকে তাকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর সাইফুদ্দীনের পায়ে তালা দিয়ে বেঁধে রাখা শিকল খুলে দেওয়া হয়।

শিকলে বন্দি সাইফুদ্দীন উপজেলার ১০নং হাইলধর ইউনিয়নের উত্তর ইছাখালী গ্রামের মৃত বজল আহমেদের ছেলে। বজল আহমেদের তিন ছেলের মধ্যে সাইফুদ্দীন সবার ছোট।

এদিকে স্থানীয়রা জানান, সাইফুদ্দীন একজন কাঠমিস্ত্রি। তিনি একজন মানসিক রোগী। মাঝে মাঝে অসুস্থতা বেড়ে গেলে পাগলামি করত। ভালো হয়ে গেলে আবার কাজ করত। তবে এবার দীর্ঘদিন ধরে তাকে দেখতে পাওয়া যায়নি।

তাকে উদ্ধারের বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন বলেন, তিনি মানসিক রোগী হোক বা অন্য কিছু হোক; এভাবে একটা মানুষকে শিকলে বন্দি রাখা যায় না। তিনি অসুস্থ হলে তার চিকিৎসা করানো প্রয়োজন। আমি খবর পেয়ে থানা পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করেছি। তিনি যদি মানসিক অসুস্থ হয়ে থাকেন তাহলে আগে তার পর্যাপ্ত চিকিৎসা দরকার। এভাবে কাউকে বন্দি করে রাখা অপরাধমূলক কাজ।

সংবাদটি শেয়ার করুন....