আন্তর্জাতিক ডেস্ক :: হোয়াইট হাউসের সাবেক আইনজীবী টাই কভ বলেছেন, ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার ঘটনায় ডোনাল্ড ট্রাম্পের ভূমিকার কারণে তিনি দোষী সাব্যস্ত হতে পারেন বলে যথেষ্ট সম্ভাবনা রয়েছে।
ওই দিন ট্রাম্পের হাজার হাজার সমর্থক বর্তমান প্রেসিডেন্ট বাইডেনের সার্টিফিকেশনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ক্যাপিটল হিলের সামনে জড়ো হন এবং একপর্যায়ে তারা ট্রাম্পের উসকানিতে ক্যাপিটল ভবনে হামলা চালান। খবর দ্য গার্ডিয়ানের।
মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজকে টাই কভ বলেন, ক্যাপিটল হিলে হামলার ঘটনায় উসকানি দেওয়ার কারণে ডোনাল্ড ট্রাম্প আইনি শাস্তির মুখে পড়তে পারেন এবং এ সম্ভাবনা অনেক বেশি।
চলতি সপ্তাহে অন্য এক পোস্টে টাই কভ বলেন, ফ্লোরিডার মার-এ-লাগো বাড়িতে যেসব গোপন নথি পাওয়া গেছে, তাতে শাস্তির মুখে পড়ার চেয়ে অনেক বেশি সম্ভাবনা রয়েছে ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার ঘটনায় উসকানি দেওয়ার জন্য।
ওই ঘটনায় ট্রাম্পের বিরুদ্ধে জর্জিয়া, অ্যারিজোনা, পেনসিলভানিয়া এবং মিশিগানের আদালতে আইনি প্রক্রিয়া চলছে। ২০২১ সালে ৬ জানুয়ারি হামলার ঘটনায় এক পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত হয়েছিলেন।
সম্প্রতি ট্রাম্পের বাড়িতে এফবিআই বিপুল পরিমাণ গোপন নথিপত্র ও রাষ্ট্রীয় রেকর্ড উদ্ধার করেছে। এ নিয়ে মার্কিন রাজনীতিতে তোলপাড় চলছে।
