ঢাকা মঙ্গলবার , ১৩ সেপ্টেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

সড়কে মর্মান্তিক মৃত্যু

আইএম নিউজ
সেপ্টেম্বর ১৩, ২০২২ ৩:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

রোববার রাজধানীর তেজগাঁওয়ে রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া মিনিবাসের নিচে চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে তেজগাঁও সরকারি বিজ্ঞান হাই স্কুলের দশম শ্রেণির ছাত্র আলী হোসেনের। আলী হোসেনের মৃত্যুতে তার বাবা-মা’র বুকভরা স্বপ্ন পরিণত হয়েছে দুঃস্বপ্নে, যা মেনে নেওয়া কষ্টকর। বস্তুত রাজধানীসহ সারা দেশের বিশৃঙ্খল সড়কে প্রতিদিনই অসংখ্য পথচারী বেঘোরে প্রাণ হারাচ্ছেন। প্রশ্ন হলো, প্রতিদিন যদি আমাদের এমন বেদনাদায়ক পরিস্থিতির মুখোমুখি হতে হয়, তাহলে নিরাপদ সড়কের দাবিতে এত আন্দোলন, এত সুপারিশ-পরামর্শ এবং নতুন প্রবর্তিত আইন কোন কাজে লাগছে?

বস্তুত সড়ক রয়ে গেছে আগের মতোই অনিরাপদ। অদক্ষ চালক, ত্রুটিপূর্ণ যানবাহন, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা, অসচেতনতা, অনিয়ন্ত্রিত গতি, রাস্তা নির্মাণে ত্রুটি, রাজনৈতিক সদিচ্ছার অভাব এবং আইন প্রয়োগে দুর্বলতা সড়ক দুর্ঘটনার জন্য দায়ী। তবে বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে, সড়ক দুর্ঘটনার জন্য সবচেয়ে বেশি দায়ী চালক। একটি সমীক্ষা বলছে, ৯০ শতাংশেরও বেশি দুর্ঘটনার জন্য চালক দায়ী।

দুর্ঘটনা হ্রাসে ইতঃপূর্বে পেশাদার চালকদের লাইসেন্স প্রাপ্তি ও নবায়নের ক্ষেত্রে ডোপ টেস্ট বাধ্যতামূলক করা ছাড়াও পর্যাপ্ত বিশ্রামের কথা বলা হয়েছিল। প্রধানমন্ত্রীও এ বিষয়টির ওপর গুরুত্ব আরোপ করেছিলেন। দুঃখজনক হলো, সড়কে শৃঙ্খলা ফেরাতে অন্তত ১১১টি সুপারিশ করা হলেও আজ পর্যন্ত সেসবের বাস্তবায়ন হয়নি। আমরা মনে করি, যেভাবেই হোক, সড়ক-মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। চালকদের প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ হতে হবে।

ফিটনেসবিহীন গাড়ি চলতে দেওয়া যাবে না। এসব ক্ষেত্রে নিশ্চিত করতে হবে আইনের যথাযথ প্রয়োগ। এক্ষেত্রে স্বল্পতম সময়ের মধ্যে পুলিশ কর্তৃক চার্জশিট দাখিল এবং দ্রুত ন্যায়বিচার প্রাপ্তির পথ সুগম করা হলে তা সড়ক দুর্ঘটনা হ্রাসে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আমাদের বিশ্বাস। সড়কে নৈরাজ্যজনক অবস্থার অবসান ঘটাতে সবাইকে রাজনৈতিক ও অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি ভুলে সমস্যাটিকে মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করতে হবে। সড়ক দুর্ঘটনা রোধে সরকারের পাশাপাশি পরিবহণ মালিক ও শ্রমিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংস্থাসহ সংশ্লিষ্ট সবাই সমন্বিত কর্মসূচি নিয়ে অগ্রসর হবে, এটাই প্রত্যাশা।

সংবাদটি শেয়ার করুন....