ঢাকা বৃহস্পতিবার , ২৮ জুলাই ২০২২
আজকের সর্বশেষ সবখবর

রমনার বটমূলে বোমা হামলা: মামলার যুক্তিতর্ক উপস্থাপন ১১ আগস্ট

আইএম নিউজ
জুলাই ২৮, ২০২২ ৮:২০ অপরাহ্ণ
Link Copied!

ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান চলাকালে রমনার বটমূলে বোমা হামলার ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ১১ আগস্ট দিন ধার্য করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক রফিকুল ইসলাম নতুন এই দিন ধার্য করেন।

মামলার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য বৃহস্পতিবার দিন ধার্য থাকলেও এ দিন মামলার আসামি মুফতি আব্দুল হাইকে আদালতে হাজির করা হয়নি। ফলে আদালত যুক্তিতর্ক উপস্থাপনের জন্য নতুন দিন ধার্য করেন।

আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০০১ সালের ১৪ এপ্রিল রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান চলছিল। ওই সময় আকস্মিক বোমা হামলায় ১০ জন প্রাণ হারান। এ ঘটনায় রমনা থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) কবির হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

পরবর্তীকালে ২০০৮ সালের ২৯ নভেম্বর ওই হামলার ঘটনায় হরকাতুল জিহাদ (হুজি) নেতা মুফতি আবদুল হান্নানসহ ১৪ জনকে অভিযুক্ত করে আদালতে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি সম্পূরক অভিযোগপত্র জমা দেন সিআইডির পরিদর্শক আবু হেনা মো. ইউসুফ। এর মধ্যে ২০১৪ সালের ২৩ জুন ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. রুহুল আমিন হত্যা মামলার রায় ঘোষণা করেন। ওই রায়ে মুফতি হান্নানসহ আটজনের মৃত্যুদণ্ড ছাড়াও ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

এছাড়া বিস্ফোরক আইনে করা মামলায় ২০১৪ সালের ১৪ সেপ্টেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক শাহেদ নূর উদ্দিন মামলার অন্যতম আসামি মুফতি হান্নানসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এরমধ্যে মামলায় অভিযুক্তদের মধ্যে মাওলানা আকবর হোসেন, আব্দুল হান্নান, আরিফ হোসেন, শাহাদাত হোসেন, সাব্বির, শেখ ফরিদ, আব্দুর রউফ, ইয়াহিয়া, আবু বকর ও আবু তাহের কারাগারে রয়েছেন।

এদিকে, মামলায় ৮৪ জন সাক্ষীর মধ্যে ৫৪ জনের সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে গত ২১ মার্চ আলোচিত এই মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়। এরমধ্যে গত ৩ এপ্রিল আদালতে আত্মপক্ষ সমর্থনে নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রত্যাশা করেন মামলার সাত আসামি। এছাড়া অপর আসামিরা পলাতক থাকায় তারা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাননি।

উল্লেখ্য, বোমা হামলার ঘটনায় করা মামলায় অভিযুক্ত মুফতি আব্দুল হান্নানের ফাঁসি ২০১৭ সালের ১২ এপ্রিল রাতে কার্যকর হয়েছে। সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলার দায়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন....