ঢাকা সোমবার , ৩ অক্টোবর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে পদবাণিজ্যের অভিযোগ

আইএম নিউজ
অক্টোবর ৩, ২০২২ ৮:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

লালমাই প্রতিনিধি :: কুমিল্লার লালমাই উপজেলা ছাত্রলীগ সভাপতি শাহপরাণ সওদাগর ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রাব্বির বিরুদ্ধে পদবাণিজ্যের অভিযোগ উঠেছে।

তাদের বিরুদ্ধে পদবাণিজ্যের অভিযোগ এনে গত ২৮ সেপ্টেম্বর সংবাদ সম্মেলন করেন উপজেলা ছাত্রলীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক নাজমুল হাসান তুষার।

এ কারণে উপজেলা ছাত্রলীগ সভাপতি শাহপরাণ সওদাগর ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রাব্বি গত ৩০ সেপ্টেম্বর নাজমুল হাসান তুষারকে একটি কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন।

সংবাদ সম্মেলনে নাজমুল হাসান তুষার সাংবাদিকের কাছে অভিযোগ করেন, গত ১৪ এপ্রিল সভাপতি শাহপরাণ সওদাগর ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রাব্বি স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বেলঘর উত্তর ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।

আরেকটি প্রেস বিজ্ঞপ্তিতে কমিটি প্রত্যাশীদের আবেদন আহ্বান করার পর পরই বিভিন্ন মহল থেকে কমিটি নিয়ে চেষ্টা-তদবির, পদবাণিজ্যের পাঁয়তারা শুরু হয়।

সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য ১০ লাখ টাকা করে চাওয়া হয় বলে অভিযোগ পাওয়া যায়।

গত ২৮ সেপ্টেম্বর একটি সম্মেলনের মাধ্যমে কমিটির অন্য সদস্যের মতামত উপেক্ষা করে ষষ্ঠ শ্রেণি পাস রায়হান কবির পাটোয়ারীকে আহ্বায়ক ঘোষণা করা হয়।

রায়হান কবিরের বিরুদ্ধে লালমাই পুলিশের ইনফরমার হয়ে কাজ করার পাশাপাশি মাদক সেবনসহ মাদকের ব্যবসায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।

২০১৪ সালে সীমান্ত এলাকায় মাদক মামলায় গ্রেফতার হয়ে জেলও খাটেন বলে সাংবাদিকদের জানান তুষার। তার পর ২০১৬ সালের পর হঠাৎ রাজনীতিতে এসে সাবেক বেলঘর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সঙ্গে সখ্যতা গড়ে তুলে তাকে সহযোগিতায় বেপরোয়া হয়ে উঠেন রায়হান কবির।

লালমাই উপজেলা ছাত্রলীগ কমিটিতে বয়স্ক, প্রবাসী, বিবাহিত ও অশিক্ষিতদের প্রাধান্য দিয়ে কমিটি ঘোষণা নিয়ে দৈনিক যুগান্তরসহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ার পরও কুমিল্লা জেলা ও কেন্দ্রীয় ছাত্রলীগের কমিটি এ ব্যাপারে কোনো সাংগঠনিক ব্যবস্থা নেয়নি।

তুষার ছাড়াও কমিটিতে অন্য নেতারাও লালমাই উপজেলা বর্তমান কমিটি স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিয়ন প্রতিটির বিপরীতে লাখ লাখ টাকার পদবাণিজ্যের অভিযোগ করছেন।

এ বিষয়ে কথা বলার জন্য উপজেলা সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রাব্বিকে ফোন করলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

উপজেলা ছাত্রলীগ সভাপতি শাহপরাণ সওদাগর বলেন, পদবাণিজ্যের বিষয়টি ভিত্তিহীন, এমন কোনো লেনদেনের সঙ্গে আমি জড়িত নই।

সংবাদটি শেয়ার করুন....