ঢাকা বুধবার , ১২ অক্টোবর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে রোহিঙ্গা নেতা আহত

আইএম নিউজ
অক্টোবর ১২, ২০২২ ৪:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

কক্সবাজার প্রতিনিধি :: কক্সবাজারের উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে মোহাম্মদ হোসেন (৩০) নামে একজন রোহিঙ্গা নেতা (মাঝি) গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার রাত ৯টার দিকে বালুখালী-৯ নম্বর আই-১-ব্লকের পাহারা দেওয়ার সময় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার মো. ফারুক মোহাম্মদ।

তিনি বলেন, মঙ্গলবার রাত ৯টার দিকে হঠাৎ একদল দুর্বৃত্ত রোহিঙ্গা শিবিরে-৯ নম্বরের আই-১ ব্লকে পাহারা দেওয়ার সময় রোহিঙ্গা মাঝি মোহাম্মদ হোসেনকে গুলি করে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে শিবিরে আইওএম হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।

রোহিঙ্গা নেতা নুরুল ইসলামসহ আরও কয়েকজন জানান, ক্যাম্পে বিভিন্ন ব্লকে স্বেচ্ছাসেবকরা ঠিকমতো পাহারার দায়িত্ব পালন করছেন কিনা, খোঁজখবর নিচ্ছিলেন মোহাম্মদ হোসেন। এ সময় মুখোশধারী তিন-চারজন হঠাৎ কোমর থেকে অস্ত্র বের করে পর পর তিনটি গুলি করে পালিয়ে যায়। তার শরীরে তিনটি গুলি লেগেছে।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে আহত রোহিঙ্গা নেতাকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....