ঢাকা বুধবার , ১৯ অক্টোবর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

মায়ের সামনে মেয়েকে গণধর্ষণ: মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

আইএম নিউজ
অক্টোবর ১৯, ২০২২ ৮:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

সোনাগাজী প্রতিনিধি :: ফেনীর সোনাগাজীতে মায়ের সামনে মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. লাতুকে (৫০) গ্রেফতার করেছেন র‌্যাব-৩ টিকাটুলির সদস্যরা।

ঢাকার দক্ষিণ বাড্ডা লিংক রোড থেকে মঙ্গলবার সকালে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় সোনাগাজী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করলে বুধবার সকালে পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। তিনি সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের আবদুর রশিদের ছেলে ও চার কন্যাসন্তানের জনক।

পুলিশ জানায়, ২০০৩ সালের ১২ মে রাতে সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের একটি পরিবারের মা-মেয়েকে বাড়ি থেকে তুলে নিয়ে স্থানীয় ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের সামনে মায়ের সামনে কিশোরী মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে পর দিন ১৩ মে চারজনের নাম উল্লেখ করে সোনাগাজী থানায় মামলা করেন।

নয়জন সাক্ষীর সাক্ষ্য শেষে গত ১৪ জুলাই ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ওসমান হায়দার তিন আসামির মৃত্যুদণ্ড ও এক আসামিকে খালাসের রায় ঘোষণা করেন। একই সঙ্গে প্রত্যেক দণ্ডপ্রাপ্তকে ২ লাখ টাকা করে জরিমানার আদেশ দেন।

সোনাগাজী মডেল থানার ওসি মুহাম্মদ খালেদ হোসেন দাইয়্যান লাতুকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....