রায়পুর প্রতিনিধি :: লক্ষ্মীপুরের রায়পুরে পরিত্যক্ত পুকুর থেকে ফিরোজা বেগম (৮৫) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৭ দিন আগে এই প্রতিবন্ধী বৃদ্ধা তার বাড়ি থেকে নিখোঁজ হন।
শুক্রবার দুপুরে উপজেলার দক্ষিণ চরআবাবিল ইউনিয়নের উদমারা গ্রামের ফরাজি বাড়ীর নারায়ন অধিকারীর পরিত্যক্ত পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত ফিরোজা বেগম উদমারা গ্রামের (ফরাজি বাড়ি) ২নং ওয়ার্ডের মৃত আবদুল কাদের ফরাজির স্ত্রী।
দক্ষিণ চরআবাবিল ইউপির চেয়ারম্যান নুরে আলম জিকু জানান, সকালে এলাকাবাসী পরিত্যক্ত পুকুরে ওই বৃদ্ধ নারীর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করা হয়।
রায়পুর থানার ওসি শিপন বড়ুয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে। এ বিষয় থানায় মামলা হয়েছে।
