ঢাকা বৃহস্পতিবার , ৩ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

নতুন অ্যালবাম নিয়ে আসছে বিটিএস, মুক্তি পাবেন যেদিন

আইএম নিউজ ডেস্ক
জুলাই ৩, ২০২৫ ১০:১৩ অপরাহ্ণ
Link Copied!

বিশ্বখ্যাত কে-পপ ব্যান্ড বিটিএস অবশেষে ফিরছে তাদের দীর্ঘ প্রতীক্ষিত নতুন অ্যালবাম নিয়ে। প্রায় তিন বছর পর আবারও একত্রিত হয়ে ব্যান্ডটির সাত সদস্য ঘোষণা দিয়েছেন, তারা শুরু করেছেন নতুন অ্যালবামের কাজ। আগামী ২০২৬ সালের গ্রীষ্মে মুক্তি পাবে বিটিএসের সেই বহুল প্রতীক্ষিত অ্যালবাম, আর তার সঙ্গেই শুরু হবে ব্যান্ডটির বিশ্বভ্রমণ (ওয়ার্ল্ড ট্যুর)। রয়টার্স

গত মঙ্গলবার দক্ষিণ কোরিয়ান প্ল্যাটফর্ম ওয়েভার্সে লাইভে এসে এই ঘোষণা দেন বিটিএসের সদস্যরা। ওই লাইভ অনুষ্ঠানটি ইতোমধ্যে ৭০ লাখেরও বেশি ভক্ত সরাসরি উপভোগ করেছেন। ব্যান্ডের সাত সদস্য- আর এম, জিন, জে হোপ, জিমিন, ভি, জাংকুক এবং সুগা জানান, চলতি জুলাই মাস থেকেই তারা নতুন গানের কাজ এবং কনসার্টের প্রস্তুতি শুরু করছেন।

লাইভে আর এম বলেন, ‘জুলাই থেকে আমরা সাতজন একসঙ্গে বসে গান ও কনসার্টের প্রস্তুতি নেব। যেহেতু এটি আমাদের ব্যান্ড অ্যালবাম, তাই প্রত্যেক সদস্যের নিজস্ব ভাবনা, দৃষ্টিভঙ্গি ও আবেগ প্রতিফলিত হবে গানগুলোতে। আমরা মূলত আমাদের শিকড়, অর্থাৎ বিটিএসের শুরু যেখান থেকে, সেখানে ফিরে যেতে চাই এই অ্যালবামের মাধ্যমে।’

এই নতুন অ্যালবামের সঙ্গে একটি বড়সড় সংগীত সফরের পরিকল্পনাও করেছেন তারা। বিটিএস সদস্য জাংকুক বলেন, ‘নতুন অ্যালবাম প্রকাশের পর আমরা একটি ওয়ার্ল্ড ট্যুরে যাব। বিশ্বের নানা শহরে সরাসরি পারফর্ম করব আমরা। অনুরোধ করব, দয়া করে এই সময়টা পর্যন্ত ধৈর্য ধরুন।’

বিটিএসের সর্বশেষ যৌথ পারফরম্যান্স হয়েছিল ২০২২ সালের ১৫ অক্টোবর, ‘ইয়েট টু কাম (Yet to Come)’ কনসার্টে। এরপরই দক্ষিণ কোরিয়ার আইনে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণে যোগ দেন ব্যান্ডের সাত সদস্য। একে একে সবাই তাদের দায়িত্ব শেষ করে আবারও যুক্ত হয়েছেন ব্যান্ড কার্যক্রমে।

তিন বছর আগে তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন সামরিক প্রশিক্ষণ শেষে আরও চমৎকার গান নিয়ে ফিরবেন, তাদের সে কথা তারা রেখেছেন। ভক্তদের উন্মাদনা এখন তুঙ্গে, কারণ এক নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে বিটিএস।

সংবাদটি শেয়ার করুন....