মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের আমদানি পণ্যের ওপর দেশভিত্তিক নতুন শুল্ক কার্যকরের নির্ধারিত সময়সীমা বাড়িয়ে ১ আগস্ট করা হয়েছে। আগে নির্ধারিত সময় অনুযায়ী বুধবার (১০ জুলাই) থেকে শুল্ক কার্যকর হওয়ার কথা ছিল।তবে এখন এই সময়সীমা বাড়িয়ে ১ আগস্ট করা হয়েছে। এই ঘোষণার পাশাপাশি তিনি ব্রিকস-ঘনিষ্ঠ দেশগুলোকে অতিরিক্ত ১০ শতাংশ শুল্কের হুমকিও দিয়েছেন। খবর স্কাই নিউজের।
ট্রাম্প প্রশাসনের ভাষ্য মতে, বিভিন্ন দেশকে সোমবার বিকেল ৫টা (যুক্তরাজ্য সময়) থেকে চুক্তির খসড়া বা চিঠি পাঠানো শুরু করা হবে।সোমবার সকালে নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে ট্রাম্প লেখেন-‘যেসব দেশ ব্রিকস জোটের ‘অ্যান্টি-আমেরিকান’ নীতির সঙ্গে নিজেদের সম্পৃক্ত করছে, তাদের জন্য অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।’
এদিকে, বর্তমানে ব্রিকস জোটে রয়েছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা। এছাড়া সম্প্রসারিত সদস্য হিসেবে মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান, ও সংযুক্ত আরব আমিরাত রয়েছে।
ট্রাম্পের এই ঘোষণার পর বাজারে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। যদিও এপ্রিলের ‘লিবারেশন ডে’ ঘোষণার মতো বড় প্রতিক্রিয়া হয়নি, তবুও বিশ্ববাজারে সূচকগুলো সামান্য নিম্নমুখী।
ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ নীতির অংশ হিসেবে তার শুল্কনীতি বিশ্ববাণিজ্যে দীর্ঘমেয়াদে অস্থিরতা সৃষ্টি করছে। তিনি এখন একদিকে চুক্তির প্রস্তাব পাঠাচ্ছেন, অন্যদিকে ব্রিকস ঘনিষ্ঠতাকে শাস্তিমূলক অর্থনৈতিক পদক্ষেপে রূপ দিচ্ছেন। বিশ্লেষকরা বলছেন, এই শুল্কনীতি ও হুমকি আগামীদিনে বিশ্ব অর্থনীতির ভারসাম্যকে আরও চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে।
