সৌদি আরবে বাংলাদেশের তৈরি পোশাকের চাহিদা ক্রমেই বাড়ছে বলে জানিয়েছেন শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতারা। তারা সৌদি আরবকে তাদের পণ্যের অন্যতম বড় বাজার হিসেবে দেখার পাশাপাশি পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলোকেও (জিসিসি) বাজারে পরিণত করার বিষয়টি মাথায় রেখেছেন। খবর আরব নিউজের।
বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি তৈরি পোশাক খাত। চীন পরই বিশ্বের সবচেয়ে বড় পোশাক রপ্তানিকারক দেশ বাংলাদেশ। দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে এই খাত থেকে। বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে সৌদি আরবে পোশাক রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ১৫২ মিলিয়ন ডলারে, যা আগের বছরের তুলনায় ৭ দশমিক ৩ শতাংশ বেশি।
বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির সহসভাপতি আখতার হোসেন অপূর্ব জানিয়েছেন, সৌদি ক্রেতাদের মধ্যে বাংলাদেশি পোশাকের চাহিদা বাড়ছে, বিশেষ করে টি-শার্ট ও জিনসের মতো পণ্যের। তিনি আরব নিউজকে বলেন, ‘জিসিসি অঞ্চলে, বিশেষ করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে রপ্তানি বাড়ানোর অনেক সম্ভাবনা রয়েছে।’
সৌদি আরবে যেসব ইউরোপীয় বড় ব্র্যান্ডের আউটলেট রয়েছে, তারা বাংলাদেশি পোশাক উৎপাদনকারীদের কাছ থেকে সরাসরি সৌদি বন্দরে পণ্য পাঠানোর অর্ডার দেয়। অপূর্ব বলেন, ‘আমরা পাইকারি ক্রেতাদের কাছে রপ্তানি করি, পরে তারা সৌদি আরবসহ ওই অঞ্চলের বিভিন্ন খুচরা বিক্রেতার কাছে পণ্য সরবরাহ করে। মূলত সৌদি নাগরিকরাই এই পোশাক কিনছেন
সৌদি আরবে বাংলাদেশের পোশাক রপ্তানি গত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে বাড়ছে। ২০২২-২৩ অর্থবছরে রপ্তানি হয়েছে ১৩০ মিলিয়ন ডলারের পোশাক, যা ২০২০-২১ অর্থবছরের ৮৪ মিলিয়ন ডলার থেকে অনেক বেশি। তখন করোনা মহামারির কারণে উৎপাদনে ধস নেমেছিল।
বাংলাদেশ গার্মেন্টস প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, ‘সৌদি আরব আমাদের পোশাক রপ্তানির জন্য একটি সম্ভাবনাময় বাজার। কারণ সেখানে প্রায় ৩০ লাখ বাংলাদেশি প্রবাসী রয়েছে।’
রুবেল বলেন, ‘তবে আমাদের লক্ষ্য গ্রাহক কেবল প্রবাসী বাংলাদেশিরা নয়, সৌদি নাগরিকরাও। বাংলাদেশ এখন বিশ্বমানের পোশাক তৈরি করে, আর সৌদিদের রুচিও ভালো, তারা খরচ করতেও সক্ষম…তারা সাধারণত ইউরোপ ও আমেরিকার নামী ব্র্যান্ডের পোশাক কিনে থাকেন।’
