নতুন বাংলাদেশ গড়তে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ যশোরে পৌঁছেছে। বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে পদযাত্রা যশোরের বাঘারপাড়ার চাড়াভিটাতে পৌঁচ্ছালে নেতৃবৃন্দ তাদের অভ্যর্থনা জানান। এ সময় নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ হাত নেড়ে শুভেচ্ছা জানান।
পদযাত্রায় দলটির সদস্য সচিব আকতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তর) সারজিস আলম, দক্ষিণের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী রয়েছেন। এরপর রাত ৮টার দিকে পদযাত্রাটি উপজেলার খাজুরা বাজার হয়ে যশোর শিক্ষাবোর্ড মোড়ে পৌঁচ্ছালে যশোরের নেতৃবৃন্দ ফুলের শুভেচ্ছা জানান। যশোরে রাত্রীযাপন করবেন তারা। নড়াইল কর্মসূচি শেষ করে যশোর শহরে প্রবেশকালে বিভিন্ন জায়গায় অর্ভ্যর্থনা পেলেও কোথাও বক্তব্য রাখেননি এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সংগঠক (দক্ষিণাঞ্চল) সাকিব শাহরিয়ার জানান, দেশ গড়তে জুলাই পদযাত্রা’র মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সকালে জুলাই আন্দোলনে আহত-নিহতদের পরিবারের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর স্থানীয় মডেল মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে শহরে পদযাত্রা করবেন। বেলা ২টার দিকে ঈদগাহ মোড়ে সমাবেশে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। তারপর খুলনার উদ্দেশ্যে রওনা দেবে পদযাত্রাটি।
এদিকে, রাজনৈতিক কর্মসূচি হলেও পদযাত্রাটি নতুন মাত্রা পেয়েছে জনসম্পৃক্ততা ও চেতনার জাগরণ। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে কর্মসূচি ঘিরে দেখা গেছে অভাবনীয় সাড়া। কেন্দ্রীয় নেতাদের সরাসরি অংশগ্রহণ এ কর্মসূচিকে দিয়েছে বাড়তি গুরুত্ব। যশোরের সমাবেশ ও পথযাত্রাকে কেন্দ্র করে ব্যাপক প্রচার প্রচারণা চালিয়েছে দলটির নেতাকর্মীরা। সমাবেশস্থল ও আশপাশের সড়কে নির্মাণ করা হয়েছে তোরণ। টাঙানো হয়েছে ব্যানার।
দলের কেন্দ্রীয় সদস্য খালিদ সাইফুল্লা জুয়েল জানান, এই সফর শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি একটি চেতনার জাগরণ। শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো, তাদের পরিবারের পাশে দাঁড়ানো এবং সাধারণ মানুষের সঙ্গে হৃদ্যতা গড়ে তোলার মাধ্যমে আমরা আমাদের অঙ্গীকার নবায়ন করছি। এই পথসভা ও সমাবেশকে কেন্দ্র করে শহর থেকে গ্রাম পর্যন্ত জনসাধারণের মাঝে ব্যাপক সাড়া পড়েছে। গণঅভ্যুত্থানের নায়কদের এক পলক দেখতে ও তাদের কথা শুনতে যশোরের মানুষ অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন।
