ঢাকা শুক্রবার , ১১ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

কানাডার পণ্যে ৩৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

আইএম নিউজ
জুলাই ১১, ২০২৫ ১১:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

এবার প্রতিবেশী দেশ কানাডা থেকে আমদানি করা পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, আগামী ১ আগস্ট থেকে এই শুল্ক কার্যকর করা হতে পারে। সংবাদমাধ্যম বিবিসিতে শুক্রবার (১১ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এই হুমকি এমন এক সময় এসেছে, যখন যুক্তরাষ্ট্র ও কানাডা নতুন একটি বাণিজ্য ও নিরাপত্তা চুক্তি নিয়ে আলোচনায় ব্যস্ত এবং চূড়ান্ত সময়সীমা শেষ হতে আর মাত্র কয়েকদিন বাকি।

বৃহস্পতিবার (১০ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা একটি চিঠিতে ট্রাম্প সরাসরি কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে উদ্দেশ করে এই ঘোষণা দেন।

এর আগেও ট্রাম্প প্রশাসন কানাডার কিছু পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক বসিয়েছিল, বিশেষ করে বিশ্বজুড়ে স্টিল, অ্যালুমিনিয়াম এবং গাড়ি শিল্পে শুল্ক আরোপের পর এর প্রভাব কানাডার অর্থনীতিতে পড়তে শুরু করে।

প্রতিবেদনে আরও বলা হয়, ট্রাম্প যে চিঠিটি কার্নিকে দিয়েছেন, সেটি মূলত এই সপ্তাহে যুক্তরাষ্ট্রের ২০টিরও বেশি বাণিজ্য অংশীদারদের উদ্দেশে লেখা একাধিক চিঠির অংশ। জাপান, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের উদ্দেশে দেয়া চিঠিগুলোতে তিনি ১ আগস্ট থেকে শুল্ক কার্যকরের কথা জানান।

যদিও কানাডার ক্ষেত্রে অনেক পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক ইতোমধ্যেই কার্যকর রয়েছে, তবে উত্তর আমেরিকান মুক্ত বাণিজ্য চুক্তির (নাফটা) আওতায় কিছু পণ্যে ছাড় রয়েছে। ট্রাম্প যেসব পণ্যে নতুন করে ৩৫ শতাংশ শুল্ক আরোপের কথা বলেছেন, তা এই চুক্তির আওতাভুক্ত কিনা, তা এখনো স্পষ্ট নয়।

চিঠিতে ট্রাম্প বলেন, ‘আপনারা যদি যুক্তরাষ্ট্রে এসে পণ্য উৎপাদন করেন বা কারখানা স্থাপন করেন, তবে কোনো শুল্ক দিতে হবে না।’

তিনি যুক্তরাষ্ট্রে অবৈধভাবে ফেন্টানিল প্রবেশ রোধে কানাডার ব্যর্থতা, কানাডার দুধ শিল্পে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আরোপিত শুল্ক এবং দুই দেশের মধ্যকার বাণিজ্য ঘাটতির কথা উল্লেখ করে এই নতুন শুল্ক আরোপের যুক্তি তুলে ধরেন।

উল্লেখ্য, গত জুনে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে ট্রাম্প ও কানাডার প্রধানমন্ত্রী কার্নি যৌথভাবে ঘোষণা দিয়েছিলেন, তারা আগামী ৩০ দিনের মধ্যে একটি নতুন বাণিজ্য ও নিরাপত্তা চুক্তিতে পৌঁছাতে চান। সেই অনুযায়ী ২১ জুলাই ছিল নির্ধারিত সময়সীমা।

চুক্তি এগিয়ে নিতে ট্রাম্পের চাপে কার্নি যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর থেকে একটি কর তুলে নেন, যেটিকে ট্রাম্প ‘স্পষ্ট আক্রমণ’ বলে আখ্যায়িত করেছিলেন। কার্নি তখন বলেছিলেন, ‘বৃহৎ আলোচনার অংশ হিসেবে আমরা এই কর তুলে নিয়েছি।’ তবে ট্রাম্পের সর্বশেষ শুল্ক হুমকির বিষয়ে এখনও পর্যন্ত কানাডার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন....