ঢাকা বুধবার , ১৬ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

এনবিআরের আরও ৭ কর্মকর্তা বরখাস্ত

আইএম নিউজ ডেস্ক
জুলাই ১৬, ২০২৫ ৪:৩২ অপরাহ্ণ
Link Copied!

বদলির আদেশ প্রকাশ্যে ছিঁড়ে ফেলা ছাড়াও ঔদ্ধত্যপূর্ণ আচরণের দায়ে আরও ৭ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ নিয়ে কর বিভাগের পাঁচ যুগ্ম-কমিশনার ও তিন উপ-কমিশনারসহ মোট ২১ কর্মকর্তাকে বরখাস্ত করা হলো।

মঙ্গলবার (১৫ জুলাই) এনবিআরের দ্বিতীয় সচিব (বোর্ড প্রশাসন) উম্মে আয়মান কাশেমীর সই করা আদেশে আরও ৫ কর্মকর্তাকে বরখাস্তের বিষয়ে জানানো হয়।

তারা হলেন- ঢাকা কর অঞ্চল-২ এর কর পরিদর্শক লোকমান হোসেন, ঢাকার আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের কর পরিদর্শক নাজমুল হাসান ও আব্দুল্লাহ আল মামুন, ঢাকা পশ্চিমের কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের সহকারী রাজস্ব কর্মকর্তা ছালেহা খাতুন সাথী, ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেটের সহকারী রাজস্ব কর্মকর্তা, রৌশনারা আক্তার, ঢাকা দক্ষিণের কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের সিপাই সালেক খান ও ঢাকা কর অঞ্চল-১৪ এর প্রধান সহকারী (নাজির) বি এম সবুজ।

এর আগে একই দিন অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে ইস্যু করা পৃথক প্রজ্ঞাপনে এনবিআরের কর বিভাগের পাঁচ যুগ্ম-কমিশনার ও তিন উপ-কমিশনারসহ ১৪ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

এই কর্মকর্তারা হলেন- ঢাকা কর অঞ্চল-২ এর যুগ্ম-কর কমিশনার (বিভাগীয় প্রতিনিধি) মাসুমা খাতুন, ঢাকা কর অঞ্চল-১৫ এর যুগ্ম-কর কমিশনার মুরাদ আহমেদ, কুষ্টিয়া কর অঞ্চলের যুগ্ম-কর কমিশনার মোহাম্মদ মোরশেদ উদ্দীন খান, নোয়াখালী কর অঞ্চলের যুগ্ম-কর কমিশনার মোনালিসা শাহরীন সুস্মিতা, কক্সবাজার কর অঞ্চলের যুগ্ম-কর কমিশনার মো. আশরাফুল আলম প্রধান, খুলনা কর অঞ্চলের উপ-কর কমিশনার মোহাম্মদ শিহাবুল ইসলাম, রংপুর কর অঞ্চলের উপ-কর কমিশনার মোসা. নুশরাত জাহান শমী এবং কুমিল্লা কর অঞ্চলের উপ-কর কমিশনার ইমাম তৌহিদ হাসান শাকিল।

এছাড়াও বরখাস্ত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন- কর অঞ্চল-৮ এর অতিরিক্ত কর কমিশনার মির্জা আশিক রানা, জাতীয় রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব মো. শাহাদাত জামিল, নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, মূল্য সংযোজন করের অতিরিক্ত কমিশনার হাছান মুহম্মদ তারেক রিকাবদার, ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক (অতিরিক্ত কমিশনার) সিফাত-ই-মরিয়ম, খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের রাজস্ব কর্মকর্তা শফিউল বশর ও কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকার (উত্তর) রাজস্ব কর্মকর্তা সবুজ মিয়া।

বরখাস্তের আদেশে বলা হয়, জাতীয় রাজস্ব বোর্ডের ২২ জুন জারিকৃত বদলির আদেশ অবজ্ঞাপূর্বক প্রকাশ্যে ছিঁড়ে ফেলার মাধ্যমে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করায় তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক বিভাগীয় কার্যধারা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....