সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে মানবপাচারকারীরা যদি ব্রিটেনে অবৈধ অভিবাসীদের প্রবেশের জন্য প্রচার-প্রচারণা চালায় তাহলে তাদের পাঁচ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হবে। ব্রিটিশ সরকার এমন একটি পরিকল্পনার কথা জানিয়েছেন। খবর রয়টার্স
প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্বাধীন লেবার সরকার বর্তমানে রাজনৈতিকভাবে ব্যাপক চাপে রয়েছেন। বিশেষ করে ফ্রান্স থেকে ছোট ছোট নৌকায় করে আসা অভিবাসীদের সংখ্যা কমাতে তারা এই চাপ সৃষ্টি করছে। যদিও চলতি বছর প্রায় ২৫ হাজার অবৈধ অভিবাসী সমুদ্র পথ পাড়ি দিয়ে ব্রিটেন প্রবেশ করেছে।
ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের এক বিশ্লেষণে জানানো হয়েছে- প্রায় ৮০ শতাংশ অভিবাসী ছোট নৌকায় করে যুক্তরাজ্যে প্রবেশ করেছে। এসব অভিবাসী সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন দেখে মানবপাচারকারীদের সহযোগিতা নিয়েছে।
পার্লামেন্ট প্রক্রিয়াধীন একটি বিদ্যমান আইনের সঙ্গে যুক্ত করে নতুন একটি বিধান চালু করা হবে। এর অধীনে যারা অনলাইনে এমন সেবা প্রচার করে যা যুক্তরাজ্যের অভিবাসন আইন লঙ্ঘনে সহায়তা করে, তাদেরকে জরিমানা ও সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ডের মুখে পড়তে হবে।
যুক্তরাজ্যে অবৈধ অভিবাসনে সহায়তা করা একটি দণ্ডনীয় অপরাধ। তবে সরকার বলেছে, তাদের সর্বশেষ এই পরিকল্পনা আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে আরও সুষ্ঠুভাবে কাজ করার শক্তি যোগাবে। কারণ তারা অপরাধী চক্রগুলোকে নির্মূল করতে সক্ষম হবে।
