ভারতের রাজধানী দিল্লির লালকেল্লা প্রাঙ্গণের কঠোর নিরাপত্তা ভেদ করে জোরপূর্বক প্রবেশের চেষ্টার অভিযোগে ৫ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। আগামী ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানকে সামনে রেখে দিল্লির লালকেল্লা প্রাঙ্গণে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জারি করা হয়েছে।
মূলত ১৫ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত জনসাধারণের জন্য লালকেল্লা চত্বরে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। এরইমধ্যে সোমবার (৪ আগস্ট) লালকেল্লা চত্বরে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করার অভিযোগে ৫ অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। মঙ্গলবার দিল্লি পুলিশের তরফে এ কথা জানানো হয়েছে।
পুলিশের কর্মকর্তাদের মতে, লালকেল্লার অ্যাক্সেস কন্ট্রোল পয়েন্টের কাছে ওই এলাকায় মোতায়েন করা পুলিশের এক প্রতিনিধি দল তাদের গ্রেপ্তার করে। ২০-২৫ বছর বয়সী ওই যুবকদের তল্লাশির সময় ভারতে প্রবেশের বৈধ-নথি দেখাতে ব্যর্থ হন।
পুলিশে তরফে জানানো হয়েছে তারা সবাই অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং জোরপূর্বক তারা লালকেল্লা চত্বরে ঢোকার চেষ্টা করছিল। দিল্লী পুলিশের ডেপুটি কমিশনার (উত্তর জেলা), রাজা বান্থিয়া বলেন ‘৪ আগস্ট পুলিশ সদস্যরা এই পাঁচজনকে আটক করে। জিজ্ঞাসাবাদের সময় জানা যায় যে তারা প্রায় তিন থেকে চার মাস আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং দিল্লিতে শ্রমিক হিসেবে কাজ করছিল।
পুলিশ কর্মকর্তা আরও জানান ‘গ্রেপ্তারকৃতরা দাবি করেছে যে তারা জানত না যে ১৫ জুলাই থেকে লালকেল্লা জনসাধারণের প্রবেশের জন্য বন্ধ রয়েছে। তাদের কাছ থেকে বাংলাদেশি নথি উদ্ধার করা হয়েছে, তবে জিজ্ঞাসাবাদের সময় কোনও সন্দেহজনক বস্তু বা কার্যকলাপ দেখা যায়নি।’
দিল্লী পুলিশের কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, কেন্দ্রীয় নিরাপত্তা এজেন্সিগুলো ওই পাঁচ জনকে জিজ্ঞাসাবাদ করছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে।
