ঢাকা বুধবার , ৬ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত সেতুর চূড়ান্ত অনুমোদন, ব্যয় পদ্মা সেতুর ৬ গুণ

আইএম নিউজ ডেস্ক
আগস্ট ৬, ২০২৫ ১১:৩৮ অপরাহ্ণ
Link Copied!

সিসিলি দ্বীপকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত সেতু প্রকল্পের চূড়ান্ত অনুমোদন করেছে ইতালি সরকার। বুধবার (৬ আগস্ট) ১৩.৫ বিলিয়ন ইউরো (১৫.৬ বিলিয়ন ডলার) মূল্যের ব্যয়বহুল এই প্রকল্পটি অনুমোদন পেয়েছে।

প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির জোট সরকার এই রাষ্ট্রায়ত্ত প্রকল্পকে ইতালির দারিদ্র্যপীড়িত দক্ষিণাঞ্চলের জন্য অর্থনৈতিক উত্তরণ হিসেবে আখ্যা দিয়েছে। তবে সমালোচকরা সতর্ক করে বলেছেন, এটি একটি আর্থিক ‘ব্ল্যাক হোল’ বা বিশাল অপচয়ের ফাঁদে পরিণত হতে পারে।

সিসিলি ও কালাব্রিয়া (ইতালির বুট আকৃতির মানচিত্রের পায়ের গোড়ার অঞ্চল) এর মাঝে অবস্থিত সরু জলরেখা, মেসিনা প্রণালীর ওপর একটি সেতু নির্মাণ নিয়ে ইতালীয় রাজনীতিকরা বিতর্ক চালিয়ে আসছেন কয়েক দশক ধরে।

ব্যয়বহুল এই প্রকল্পটির ব্যয় বাংলাদেশি মুদ্রায় প্রায় এক লাখ ৮৪ হাজার কোটি টাকারও বেশি, যা পদ্মা সেতুর (৩০ হাজার কোটির বেশি) তুলনায় ৬ গুণ।

রয়টার্সের খবরে বলা হয়েছে, ৪.৭ মিলিয়ন জনসংখ্যার সিসিলিতে সেতুটি ২০৩২ সালের মধ্যে প্রস্তুত হবে বলে জানিয়েছে মেসিনা স্ট্রেইট কোম্পানি। এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে ভূমিকম্প প্রবণ দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে থাকলেও তীব্র বাতাস ও ঝাঁকুনি প্রতিরোধ করতে পারে।

এই সেতুতে মাঝ বরাবর দুটি রেললাইন ও উভয় পাশে তিনটি করে যানবাহন চলাচলের লেন থাকবে। সেতুর ঝুলন্ত অংশ হবে ৩ দশমিক ৩ কিলোমিটার (২.০৫ মাইল)—যা হবে বিশ্ব রেকর্ড। এটি ৪০০ মিটার (১,৩০০ ফুট) উঁচু দুটি টাওয়ারের মধ্যে বিস্তৃত থাকবে।

২০২৪ সালের বাজেট মূল্যায়নে ইতালির হিসাব নিরীক্ষা আদালত এই প্রকল্পে ঋণে জর্জরিত রাষ্ট্রের অতিরিক্ত বিনিয়োগের সমালোচনা করেছে। গ্রিনস অ্যান্ড লেফট অ্যালায়েন্সের সংসদ সদস্য নিকোলা ফ্রাতোইয়ানি বলেন, ‘এটি একটি মেগা প্রকল্প যা বিশাল পরিমাণ রাষ্ট্রীয় সম্পদ সরিয়ে নেবে এবং একটি বৃহৎ কালো গহ্বরে পরিণত হওয়ার ঝুঁকি রাখে।’

বর্তমান অঞ্চলটির জনগণ ফেরিতে চলাচল করে।  পারাপারের সময় প্রায় ২০ মিনিট সময় লাগে। এছাড়া ব্যস্ত সময়ে ঘণ্টার পর ঘণ্টাও সময় চলে যায়। সিসিলিতে আসা এবং যাওয়া ট্রেনগুলোও ফেরিতে করে নেওয়া হয়, এই প্রক্রিয়ায় প্রায় দুই ঘণ্টা সময় লাগে।

বর্তমানে বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত সেতু হলো তুরস্কের চানাক্কালে ব্রিজ ১৯১৫, যার মূল ঝুলন্ত অংশ ২ দশমিক ০২৩ কিলোমিটার (১.২৫৭ মাইল)। সেতুটি ২০২২ সালে উদ্বোধন করা হয়। এই প্রকল্পের প্রাথমিক নকশা তৈরি হয় ৫০ বছরেরও বেশি আগে।

সংবাদটি শেয়ার করুন....