রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক আসন্ন। ক্রেমলিনের শীর্ষ উপদেষ্টা ইউরি উশাকভ বৃহস্পতিবার (৭ আগস্ট) সাংবাদিকদের জানিয়েছেন, এই বহুল আলোচিত বৈঠকটি আগামী সপ্তাহেই অনুষ্ঠিত হতে পারে। ইতোমধ্যে একটি সম্ভাব্য ভেন্যু নির্ধারণ করা হয়েছে, তবে তা পরে প্রকাশ করা হবে বলে জানান তিনি।
উশাকভ বলেন, ‘মার্কিন পক্ষের অনুরোধে উভয় দেশ নীতিগতভাবে বৈঠকে সম্মত হয়েছে এবং শিগগিরই এটি অনুষ্ঠিত হবে।’ পরে বৃহস্পতিবারই প্রেসিডেন্ট পুতিন বৈঠকের সম্ভাব্য স্থান হিসেবে সংযুক্ত আরব আমিরাত-এর নাম উল্লেখ করেন এবং বলেন, ‘এটি উচ্চপর্যায়ের আলোচনার জন্য উপযুক্ত একটি স্থান।’ খবর আলজাজিরার।
এই বৈঠকের ঘোষণা এমন এক সময় এলো, যখন যুক্তরাষ্ট্র রাশিয়ার প্রতি ইউক্রেন যুদ্ধ বন্ধে একটি সময়সীমা বেঁধে দিয়েছে। ওই সময়সীমার মধ্যে যুদ্ধবিরতিতে সম্মত না হলে মস্কোর ওপর নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে ওয়াশিংটন।
এদিকে, পুতিন জানিয়েছেন, তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাতে পুরোপুরি ‘বিরোধিতা’ করেন না। তবে তিনি যোগ করেন, ‘এ ধরনের বৈঠকের জন্য নির্দিষ্ট কিছু শর্ত তৈরি করতে হবে,’ এবং বর্তমানে সেই পরিবেশ এখনো প্রস্তুত নয়।
এছাড়া, ট্রাম্পের দূত স্টিভ উইটকফ সম্প্রতি মস্কো সফরে গিয়ে পুতিনের সঙ্গে তার পঞ্চমবারের মতো বৈঠক করেছেন। এই সময় ত্রি-দেশীয় সম্মেলনের (যুক্তরাষ্ট্র-রাশিয়া-ইউক্রেন) সম্ভাবনাও আলোচনায় উঠে আসে। যদিও ক্রেমলিন এখন পর্যন্ত ত্রিপক্ষীয় বৈঠক নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। বৈঠকটি কোথায় ও কবে হবে—সে বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসা এখন সময়ের ব্যাপার মাত্র।
