ভারতের দিল্লির হারি নগরে শনিবার (৯ আগস্ট) সকালে ভারী বৃষ্টিপাতের কারণে দেয়াল ধসে অন্তত সাতজন নিহত হয়েছেন। পুলিশ এ তথ্য জানিয়েছে। খবর এনডিটিভি
নিহতদের মধ্যে তিনজন পুরুষ, দুইজন নারী ও দুই শিশু রয়েছে। তারা হলেন- শাবিবুল (৩০), রাবিবুল (৩০), মুত্তা আলী (৪৫), রুবিনা (২৫), ডোলি (২৫), রুখসানা (৬) ও হাসিনা (৭)।
দিল্লির আবহাওয়া দপ্তর জানিয়েছে, রাতভর ব্যাপক বৃষ্টিপাতের কারণে অনেক স্থানে জলাবদ্ধতা তৈরি হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৭৮.৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে দিল্লির আবহাওয়া দপ্তর।
এছাড়া শনিবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস। যা গড় তাপমাত্রার চেয়ে ৩.২ ডিগ্রি কম।
