ঢাকা শনিবার , ৯ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

রোববার দ্বিতীয় দফায় ভোটার তালিকার খসড়া প্রকাশ করবে ইসি

আইএম নিউজ ডেস্ক
আগস্ট ৯, ২০২৫ ৯:১৪ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশের গণতন্ত্রের মূল ভিত্তি হল সুষ্ঠু ও নির্ভুল ভোটার তালিকা। নির্বাচন কমিশন (ইসি) নিয়মিতভাবে ভোটার তালিকা হালনাগাদ করে থাকে, যাতে নতুন যোগ্য ভোটাররা তাদের নাম অন্তর্ভুক্ত করতে পারেন এবং মৃত বা অযোগ্য ভোটারদের নাম বাদ দেওয়া যায়। এরই ধারাবাহিকতায় দ্বিতীয় দফায় হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করতে যাচ্ছে ইসি।

রোববার (১০ আগস্ট) দ্বিতীয় দফায় হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করবে ইসি। ইসি জানায়, এবারের হালনাগাদে ৪৪ লাখের মতো নতুন ভোটার যুক্ত হচ্ছেন। এদেরই তথ্য খসড়া সম্পূরক তালিকায় প্রকাশ করা হবে। উপজেলা কর্মকর্তারা এই তালিকা নির্দিষ্ট স্থানে সাঁটিয়ে দেবেন। খসড়ায় কারো তথ্যে ভুল থাকলে নির্দিষ্ট সময়ের মধ্যে সংশোধনের সুযোগ মিলবে।

ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, সম্পূরক ভোটার তালিকা প্রকাশের পর যোগ্য ব্যক্তির নাম অন্তর্ভুক্তি, মৃত্যুজনিত বা অন্তর্ভুক্তি হওয়ার অযোগ্য ব্যক্তির নাম কর্তন, ভোটার স্থানান্তর এবং কোনো সংশোধন বা ত্রুটি-বিচ্যুতি দূর করার জন্য দরখাস্ত (ফরম-২, ফরম-১২, ফরম-১৩ ও ফরম-১৪ এর মাধ্যমে দরখাস্ত করতে হবে) দাখিল করা যাবে ২১ আগস্ট পর্যন্ত।

দাখিল করা দরখাস্তগুলো সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসার ও রেজিস্ট্রেশন অফিসার কর্তৃক নিষ্পত্তির শেষ করা হবে ২৪ আগস্টের মধ্যে। এরপর অন্যান্য কাজ শেষে চুড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ৩১ আগস্ট।

বর্তমানে দেশে ভোটার রয়েছে ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। এদিকে যাদের বয়স ৩১ অক্টোবর পর্যন্ত ১৮ বছর পূর্ণ হবে, তারাও এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকায় যুক্ত হবেন।

সংবাদটি শেয়ার করুন....