ঢাকা বৃহস্পতিবার , ১৪ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

প্রথম ১০ দিনেই প্রায় ১ লাখ ই-রিটার্ন দাখিল

আইএম নিউজ ডেস্ক
আগস্ট ১৪, ২০২৫ ২:০৪ অপরাহ্ণ
Link Copied!

২০২৫-২৬ কর বছরের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল কার্যক্রম শুরু হওয়ার প্রথম ১০ দিনেই প্রায় এক লাখ করদাতা ই-রিটার্ন দাখিল করেছেন। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, ৪ আগস্ট অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এ কার্যক্রম উদ্বোধন করার পর ১৩ আগস্ট পর্যন্ত ৯৬ হাজার ৯৪৫ জন করদাতা অনলাইনে রিটার্ন জমা দিয়েছেন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে। গত বছর ৯ সেপ্টেম্বরে অনলাইন রিটার্ন দাখিল শুরুর প্রথম ১০ দিনে এ সংখ্যা ছিল ২০ হাজার ৫২৩ জন। সে হিসেবে এ বছরের দৈনিক গড় রিটার্ন দাখিলের হার গত বছরের তুলনায় প্রায় পাঁচ গুণ বেশি।

জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক গত ৩ আগস্ট এক বিশেষ আদেশ জারির মাধ্যমে ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা এবং মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি ব্যতীত সারাদেশের সকল ব্যক্তি শ্রেণীর করদাতার (Individual Taxpayers) অনলাইনে (www.etaxnbr.gov.bd) আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। পরবর্তীতে ১১ আগস্টে বিশেষ আদেশটি প্রতিস্থাপন করে বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকগণকেও অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেয়া হয়।

ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সংক্রান্ত সমস্যার কারণে কোনো করদাতা অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে সমর্থ না হলে ৩১ অক্টোবর, ২০২৫ তারিখের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের নিকট সুনির্দিষ্ট যৌক্তিকতাসহ আবেদন করলে সংশ্লিষ্ট অতিরিক্ত/যুগ্মকর কমিশনারের অনুমোদনক্রমে তিনি পেপার রিটার্ন দাখিল করতে পারবেন।

সংবাদটি শেয়ার করুন....