চীনের দুর্বল অর্থনৈতিক তথ্য ও ইস্পাতের দাম কমায় আন্তর্জাতিক বাজারে আকরিক লোহার দামে ধস নেমেছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে সবচেয়ে বেশি লেনদেন হওয়া জানুয়ারির আকরিক লোহা চুক্তির দাম ১.৮৮ শতাংশ কমে দাঁড়িয়েছে প্রতি মেট্রিক টন ৭৮৩.৫ ইউয়ানে (প্রায় ১০৯ ডলার)। খবর দ্য ইকোনমিক টাইমস
সিঙ্গাপুর এক্সচেঞ্জে সেপ্টেম্বরের আকরিক লোহার মানদণ্ড দামও ০.৭৮ শতাংশ কমে প্রতি টন ১০২.৭ ডলারে নেমেছে।
চীনে জুলাই মাসে নতুন ইউয়ান ঋণ দুই দশকের মধ্যে প্রথমবারের মতো কমেছে। এটি বেসরকারি খাতের দুর্বল চাহিদার ইঙ্গিত দিচ্ছে। তবে সামগ্রিক ঋণ প্রবাহের উন্নতি দেখে মনে করা হচ্ছে, চীনের কেন্দ্রীয় ব্যাংক এখনই নীতি শিথিল করার পথে যাবে না।
চীনা পরামর্শক প্রতিষ্ঠান মাইস্টিল জানিয়েছে, আগস্টে নতুন প্রকল্প শুরুর কারণে নির্মাণ ইস্পাতের চাহিদা কিছুটা স্থিতিশীল থাকবে। তবে সাম্প্রতিক প্রতিকূল আবহাওয়ার কারণে বাইরের নির্মাণকাজে ব্যাঘাত ঘটেছে।
ব্রোকারেজ প্রতিষ্ঠান গ্যালাক্সি ফিউচারস জানায়, সমাপ্ত ইস্পাতপণ্যের জল্পনামূলক চাহিদা থাকলেও কাঁচা ইস্পাতের উচ্চ সরবরাহ ও মৌসুমি কম চাহিদা দামের ওপর চাপ সৃষ্টি করছে। তবুও ইস্পাত কারখানায় উৎপাদন সীমিত করার খবর, যুক্তরাষ্ট্র-চীনের মধ্যে শুল্কবিরতির সময় বাড়ানো এবং অভ্যন্তরীণ মূল্যযুদ্ধ রোধে নেওয়া পদক্ষেপ দামে সামান্য সহায়তা দিচ্ছে।
দালিয়ান এক্সচেঞ্জে কোকিং কয়লার দাম ৫.১৭ শতাংশ এবং কোকের দাম ৩.৫৯ শতাংশ কমেছে। চীনের কোকিং কয়লার বাজারে সাম্প্রতিক কেনাবেচার ঢেউয়ের পর ব্যবহারকারীরা খরচ নিয়ন্ত্রণে মনোযোগী হওয়ায় বাজার নরম হয়েছে।
এদিকে সাংহাই ফিউচারস এক্সচেঞ্জে রিবারের দাম ১.২৯ শতাংশ, হট-রোলড কয়েলের দাম ১.০৪ শতাংশ, তারের দাম ১.১ শতাংশ এবং স্টেইনলেস স্টিলের দাম ০.৭৬ শতাংশ কমেছে।
