রাশিয়ার রাজধানী মস্কোর দক্ষিণ-পূর্বে রিয়াজান অঞ্চলে একটি গান পাউডার কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১১ জন শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আহত হন আরও অন্তত ১৩০ জন। শনিবার (১৬ আগস্ট) দেশটির জরুরি মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
টেলিগ্রামে এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, মস্কো থেকে ৩২০ কিলোমিটার (১৯৮ মাইল) দক্ষিণ-পূর্বে বিস্ফোরণস্থলে উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের মধ্যে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।
দেশটির সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, ইলাস্টিক সিন্থেটিক ফাইবার প্ল্যান্টের বারুদ কারখানার একটি ওয়ার্কশপের ভিতরে আগুন লাগার কারণে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
২০২১ সালের অক্টোবরে বিস্ফোরক প্রস্তুতকারক রাজরিয়াদের পরিচালিত একটি কর্মশালায় ১৭ জন নিহত হওয়ার পর এটি ইলাস্টিক কারখানায় দ্বিতীয় মারাত্মক বিস্ফোরণ।
ইলাস্টিক রাষ্ট্রীয় প্রতিরক্ষা সংস্থা রোস্টেকের অন্তর্গত, যা বেসামরিক এবং সামরিক খাতে শিল্প বা উচ্চ প্রযুক্তির পণ্য সরবরাহকারী বিভিন্ন কোম্পানিকে একত্রিত করে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, কারখানাটি ২০১৫ সালে দেউলিয়া হয়ে যায় এবং এর কর্মশালাগুলো অন্যান্য বিস্ফোরক প্রস্তুতকারকরা ব্যবহার করত।
সূত্র: রয়টার্স, মস্কো টাইমস
