ওমানে পাহাড়ি রাস্তায় একটি গাড়ি খাড়া বাঁক নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। এরপর সেটি পাহাড় গড়িয়ে নিচের রাস্তায় ছিটকে পড়ে। এ ঘটনায় গাড়িটিতে থাকা তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (১৫) সন্ধ্যায় দেশটির জাবাল আখদারে এ দুর্ঘটনা ঘটে।
সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ওমানের সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স অথরিটি (সিডিএএ) জানিয়েছে, এতে আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে বলেও জানায় সিডিএএ।
সিডিএএ-এর একজন কর্মকর্তা গালফ নিউজকে জানিয়েছেন, জাবাল আখদার থেকে নামার সময় গাড়িটি পাহাড়ের ধারে ধাক্কা খায়। এতে এই হতাহতের ঘটনা ঘটে। ব্রেক সময়মতো কাজ না করায় গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। চালক বুঝতে পারেননি যে তিনি একটি তীক্ষ্ণ, খাড়া বাঁকের কাছে আসছেন, যার ফলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।’
এই ধরনের দুর্ঘটনা এড়াতে জাবাল আখদার এবং অন্যান্য পাহাড়ি অঞ্চলে ভ্রমণের আগে যানবাহনের রক্ষণাবেক্ষণের পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা নিশ্চিতে গাড়ি চালকদের প্রতি আহ্বান জানিয়েছে রয়েল ওমান পুলিশ (আরওপি)।
হাজর পর্বতমালার অংশ জাবাল আল আখদার (সবুজ পর্বত) রাজধানী মাস্কাট থেকে প্রায় দুই ঘণ্টার দূরত্বে অবস্থিত। এটি ২ হাজার ৯৮০ মিটার উচ্চতায় অবস্থিত। এর চূড়ার কাছে প্রশস্ত মালভূমির জন্য বিখ্যাত এই পাহাড়ি এলাকা। এর মাঝারি গ্রীষ্মকালীন জলবায়ু, ঠান্ডা শীত এবং হোটেলের বিস্তৃত সুযোগ-সুবিধা এটিকে দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র করে তুলেছে।
ওমানকে প্রচুর সংখ্যক সড়ক দুর্ঘটনা এবং প্রাণহানির মুখোমুখি হতে হয় প্রতিনিয়ত। ২০২৪ সালে দেশজুড়ে ১ হাজার ৮৫৪টি সড়ক দুর্ঘটনায় ১ হাজার ৯৩৬ জন আহত হন এবং ৫৬৮ জনের মৃত্যু হয়।
সূত্র: গালফ নিউজ
