রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় চিকিৎসাধীন আহতদের দেখতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকসহ ৯ জন। সোমবার (১৮ আগস্ট) দুপুর সোয়া দুইটার দিকে বার্ন ইনস্টিটিউটে যান তারা।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. নাসির উদ্দিন বলেন, উত্তরায় মাইলস্টোন কলেজের যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহতদের দেখতে ব্রিটিশ হাইকমিশনারসহ ৯ জনের একটি বিশেষ টিম ইনস্টিটিউটে আসেন। পরে রোগীদের খোঁজখবর নেন তারা। এরপর আমাদের সঙ্গে একটি বৈঠক হয়।
তিনি বলেন, দুর্ঘটনায় চিকিৎসাধীন রোগী নিয়ে ব্রিটিশ মেডিকেল টিম গত সপ্তাহে আমাদের সঙ্গে কাজ করেছে।
উল্লেখ্য, গত ২১ জুলাই ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ির স্থায়ী ক্যাম্পাসে একটি বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে এ পর্যন্ত ৩৬ জন নিহত হয়েছেন। অনেকে এখনো চিকিৎসাধীন। তাদের কারও কারও অবস্থা এখনো শঙ্কামুক্ত নয়। নিহত ৩৬ জনের মধ্যে অধিকাংশই শিশু শিক্ষার্থী।
