আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিও সায়েন্স (জিএফজেড) শনিবার এ তথ্য জানিয়েছে। ভূমিকম্পের গভীরতা ছিল ভূমি থেকে ১৮৬ কিলোমিটার গভীরে। খবর রয়টার্স
ভৌগোলিক কারণে মধ্য-দক্ষিণ এশিয়ার দেশ আফগানিস্তান ভূমিকম্পপ্রবণ। দেশটিতে ভূমিকম্পের দীর্ঘ ইতিহাস রয়েছে। গত তিন দশকে ভূমিকম্পের ফলে দেশটিতে ১০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।
১৯৯১ সালে মধ্য ও দক্ষিণ এশিয়ার হিন্দুকুশ পার্বত্য অঞ্চলে হওয়া এক ভূমিকম্পে আফগানিস্তান, পাকিস্তান ও সোভিয়েত ইউনিয়নে ৮৪৮ জন মানুষ নিহত হয়েছিলেন।
এছাড়া আফগানিস্তানে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে ১৯৯৮ সালে। তাজিকিস্তানের সীমান্তবর্তী উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশ তাখারে এক ভয়াবহ ভূমিকম্পে আফগানিস্তান ও তাজিকিস্তানে নিহত হন প্রায় ৪ হাজার মানুষ, তার মধ্যে আফগানিস্তানে নিহতের সংখ্যা ছিল ২ হাজার ৩০০।
