‘ছেলে-মেয়েদের নিয়ে কই যাব, কার কাছে যাব? এত ঋণ কীভাবে শোধ করব? আমাকে এই নরকে একা রেখে কেন চলে গেলে! আমাকে কেন সঙ্গে নিয়ে গেলে না?’ কান্নাজড়িত কণ্ঠে এভাবেই কথাগুলো বলছিলেন টকি বালা দাস নামে এক নারী।
সোমবার (১৮ আগস্ট) ভোরে নগরের সিটি গেট এলাকায় সড়ক দুর্ঘটনায় তার স্বামী অজিত দাসসহ পাঁচজন প্রাণ হারিয়েছেন। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন টকি বালা। মরদেহের অপেক্ষায় সকাল ১০টার দিকে হাসপাতালের সামনে বসে তিনি আহাজারি করছিলেন।
জানা যায়, সোমবার ভোর পৌনে ৫টার দিকে সিটি গেট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয় একটি পিকআপভ্যান। এ সময় অজিতসহ পিকআপভ্যানে থাকা পাঁচজন নিহত হন।
অন্য চারজন হলেন– আকাশ দাস, রনি দাস, জুয়েল দাস ও মো. সোহাগ। সবাই সীতাকুণ্ড উপজেলার বাসিন্দা। এর মধ্যে সোহাগ পিকআপভ্যানের চালক। জুয়েল রাতে ফৌজদারহাট এলাকায় পূজা দেখে মামার বাড়ি যাচ্ছিলেন। অন্য তিনজন মাছ কিনতে নগরের কর্ণফুলী নদীর পারে ফিশারিঘাটে যাচ্ছিলেন। এ ঘটনায় আহত চারজনের মধ্যে তিনজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
নিহতদের মধ্যে অজিত, আকাশ ও রনির বাড়ি সীতাকুণ্ডের মধ্য সলিমপুর গ্রামের জেলেপাড়ায়। অজিতের তিন ছেলে-মেয়ে। বড় মেয়ে নবম শ্রেণিতে এবং ছেলে পঞ্চম শ্রেণিতে পড়ে। সবার ছোট দুই বছরের মেয়ে।
অজিতের স্ত্রী টকি জানান, প্রতিদিন ফিশারিঘাট থেকে মাছ কিনে নিয়ে ফৌজদারহাট এলাকায় বিক্রি করতেন তার স্বামী। সোমবার সকালেও তিনি মাছ কিনতে যান। এর মধ্যে খবর পান, অজিত দুর্ঘটনায় পড়েছেন।
একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে সন্তানদের নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন টকি বালা। তিনি জানান, সম্প্রতি বিভিন্ন বেসরকারি সংস্থা থেকে ঋণ নিয়ে ঘর করেছেন অজিত। এখন এই ঋণ কীভাবে পরিশোধ করবেন, আর সন্তানদের কীভাবে মানুষ করবেন, তা নিয়ে দুশ্চিন্তায় এই নারী।
টকি বালা যেখানে আহাজারি করছিলেন, তার অদূরে বসে কাঁদছিলেন রনির মা রাজবালা দাস। তিনি জানান, তার ছেলে সিটি করপোরেশনে অস্থায়ীভাবে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন। এর বাইরে সপ্তাহে দুই-তিন দিন ফিশারিঘাট থেকে মাছ কিনে এলাকায় বিক্রি করতেন। গতকালও মাছ কেনার জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন।
রনির স্ত্রী চার মাসের অন্তঃসত্ত্বা জানিয়ে রাজবালা বলেন, ‘আমার ছেলেটা দেড় বছর বয়সে বাবাকে হারাইছে। আমি তাকে বহু কষ্টে মানুষ করছি। এখন ছেলেটা আমারে ছাইড়া চইলা গেল। আমি কীভাবে থাকব, তার বউটা কীভাবে বাঁচবে!’
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর ৫টায় ফৌজদারহাটের দিক থেকে দ্রুতগতিতে আসছিল পিকআপভ্যানটি। সিটি গেট এলাকায় সামনের একটি গাড়ি ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে থেমে থাকা কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে পিকআপভ্যান দুমড়েমুচড়ে চালকসহ তিনজন মারা যান। ছয় যাত্রী আহত হন। তাদের হাসপাতালে নেওয়া হলে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
