যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার চলমান যৌথ সামরিক মহড়াকে ‘শত্রুতামূলক অভিপ্রায়’-এর বহিঃপ্রকাশ উল্লেখ করে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন ঘোষণা দেন, পিয়ংইয়ংয়ের পারমাণবিক অস্ত্রভাণ্ডার সম্প্রসারণের গতি বাড়ানো হবে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে মঙ্গলবার (১৯ আগস্ট) প্রকাশিত প্রতিবেদনের বরাতে আলজাজিরায় এ তথ্য জানানো হয়েছে।
এই সপ্তাহে শুরু হওয়া বার্ষিক ‘উলচি ফ্রিডম শিল্ড’ মহড়ায় বৃহৎ পরিসরের সামরিক কৌশলগত অনুশীলন এবং উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান পারমাণবিক সক্ষমতার বিরুদ্ধে আপডেটেড প্রতিক্রিয়া পরীক্ষা করা হচ্ছে। মহড়াটি চলবে ১১ দিন ধরে, তবে ৪০টি ফিল্ড ট্রেনিং ইভেন্টের অর্ধেক সেপ্টেম্বরে পুনঃনির্ধারণ করা হয়েছে।
দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, প্রেসিডেন্ট লি জে মিয়ং উত্তেজনা কমাতে চাওয়ায় মহড়ার সময়সূচিতে এ পরিবর্তন আনা হয়েছে। তবে বিশ্লেষকরা মনে করছেন, পিয়ংইয়ং এর প্রতিক্রিয়ায় ইতিবাচক হবে না।
ওয়াশিংটন ও সিউল দাবি করেছে মহড়াটি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক, কিন্তু উত্তর কোরিয়া নিয়মিতভাবেই এসব মহড়াকে আগ্রাসনের প্রস্তুতি বলে নিন্দা জানায় এবং প্রায়ই এর প্রতিক্রিয়ায় অস্ত্র পরীক্ষা চালায়।
মাসের শেষে ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং এর বৈঠকে উত্তর কোরিয়ার অবস্থান গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি হবে। বৈঠকে পিয়ংইয়ংয়ের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা নিয়ন্ত্রণের প্রচেষ্টা এজেন্ডার শীর্ষে থাকবে।
কোরিয়া ইনস্টিটিউট ফর ন্যাশনাল ইউনিফিকেশনের বিশ্লেষক হং মিন বলেন, ‘এই পদক্ষেপের মাধ্যমে উত্তর কোরিয়া প্রমাণ করছে যে তারা নিরস্ত্রীকরণ কোনোভাবেই মেনে নেবে না এবং পারমাণবিক অস্ত্রভাণ্ডারকে অপরিবর্তনীয়ভাবে উন্নত করার ইচ্ছা প্রকাশ করছে।’
