বাংলাদেশে ক্রোয়েশিয়ার অনারারি কনসাল হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কাজী শাহ মুজাক্কের আহাম্মেদুল হক। গত ২৯ মে ক্রোয়েশিয়ার রাষ্ট্রপতি জোরান মিলানোভিচ তাকে আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব প্রদান করেন।
নিয়োগের প্রতিক্রিয়ায় কাজী শাহ মুজাক্কের আহাম্মেদুল হক বলেন, এই নিয়োগ আমার জন্য যেমন গর্বের, তেমনি এক বড় দায়িত্ব। আমি সর্বোচ্চ নিষ্ঠা ও আন্তরিকতা নিয়ে বাংলাদেশ ও ক্রোয়েশিয়ার মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর ও কার্যকর করতে কাজ করব।
ক্রোয়েশিয়া দক্ষিণ-পূর্ব ইউরোপের একটি মনোরম দেশ, যা এড্রিয়াটিক সাগরের তীরে অবস্থিত। দেশটির রাজধানী জাগরেব, এবং জনসংখ্যা প্রায় ৩.৮ মিলিয়ন। সমুদ্রতট, প্রাচীন স্থাপত্য, এবং হাজারেরও বেশি দ্বীপ নিয়ে দেশটি বিশ্ব পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়।
১৯৯১ সালে সাবেক যুগোস্লাভিয়া থেকে স্বাধীনতা লাভ করে ক্রোয়েশিয়া। ২০০৯ সালে ন্যাটোতে এবং ২০১৩ সালে ইউরোপীয় ইউনিয়নে সদস্যপদ লাভ করে। এ ছাড়া ২০২৩ সালে দেশটি শেনজেন জোন এবং ইউরোজোনে অন্তর্ভুক্ত হয়।পর্যটনের পাশাপাশি দেশটির অর্থনীতিতে তথ্যপ্রযুক্তি, ফার্মাসিউটিক্যালস, ও জাহাজ নির্মাণ শিল্প গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
বাংলাদেশে অনারারি কনসাল হিসেবে কাজী শাহ মুজাক্কের আহাম্মেদুল হক ক্রোয়েশিয়া ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য, শিক্ষা, পর্যটন এবং সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।
