রাশিয়ার রাতভর হামলায় পশ্চিম ইউক্রেনে একজন নিহত এবং কমপক্ষে ১৮ জন আহত হয়েছেন, পাশাপাশি একটি মার্কিন ইলেকট্রনিকস উৎপাদনকারী প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের কর্তৃপক্ষ। খবর রয়টার্সের।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা এক্সে লিখেছেন, “এটি একটি সম্পূর্ণ বেসামরিক প্রতিষ্ঠান, যার সঙ্গে প্রতিরক্ষা বা সামরিক কোনো সম্পর্ক নেই। এটি মার্কিন ব্যবসার ওপর রাশিয়ার প্রথম হামলা নয়, এর আগে কিয়েভে বোয়িং অফিসসহ অন্যান্য প্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে।”
এদিকে উশ হামলায় পশ্চিমের লভিভ শহরে এক ব্যক্তি নিহত হয়েছেন, তিনজন আহত হয়েছেন এবং ২৬টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, জানিয়েছেন গভর্নর ম্যাক্সিম কোজিটস্কি। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়া এই হামলায় ৫৭৪টি ড্রোন এবং ৪০টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, যা আগস্ট মাসের মধ্যে সর্ববৃহৎ হামলা।
হামলা এমন সময় সংঘটিত হলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সঙ্গে ইউক্রেন যুদ্ধ শেষ করার জন্য তীব্র প্রচেষ্টা চালাচ্ছেন। রাশিয়া দাবি করেছে তারা বেসামরিক মানুষকে লক্ষ্য করছে না, তবে যুদ্ধের সামনের লাইনের অনেক দূরের শহর ও গ্রামে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে।
