নিহত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির সন্তান মাহির সরওয়ার মেঘের হাতে পূর্বাচলে তিন কাঠা জমির দলিল হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আনুষ্ঠানিকভাবে মেঘের হাতে দলিল তুলে দেন প্রধান উপদেষ্টা।
দলিল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা আলোচিত সাগর-রুনি হত্যা মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। তিনি বলেন, তদন্তে এ ধরনের দীর্ঘসূত্রিতা মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে, আইনি ব্যবস্থা সম্পর্কে মানুষ হতাশ হয়ে পড়ে।
এ সময় তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত তদন্ত শেষ করার নির্দেশ দেন।
গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান অনুষ্ঠানে বলেন, তদন্তে দীর্ঘসূত্রিতার কারণে বহু আলামত নষ্ট হয়ে গেছে বলে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) জানিয়েছে।
এসময় মাহির সরওয়ার মেঘ তার নিজস্ব ডিজাইন করা একটি জার্সি ও ব্যাগ প্রধান উপদেষ্টাকে উপহার দেন।
দলিল হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার, ফরিদা আখতার ও সৈয়দা রিজওয়ানা হাসান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম এবং মেহেরুন রুনির ভাই নওয়াজেশ আলম রোমান।
