জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে প্রণীত জুলাই সনদের খসড়া পর্যালোচনা করে নিজেদের মতামত জমা দিয়েছে দেশের ২৩টি রাজনৈতিক দল। বিএনপি, জামায়াত, বামপন্থী, ইসলামি ও প্রগতিশীল রাজনৈতিক শক্তিসহ নানা মতাদর্শের দল এতে অংশ নেয়।
জাতীয় ঐকমত্য কমিশন এর আগে গত শনিবার রাজনৈতিক দলগুলোর কাছে খসড়া প্রস্তাব পাঠায়। সনদের পটভূমিতে উল্লেখ করা হয়েছে- পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরের ঘটনা এবং ২০১৮ সালের কোটা আন্দোলন।
চূড়ান্ত খসড়ার প্রস্তাবে বলা হয়েছে, জুলাই সনদের বিধান, প্রস্তাব ও সুপারিশ সাংবিধানিক ও আইনগতভাবে বলবৎ বলে গণ্য হবে। এ বিষয়ে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না।
এছাড়া যেসব সুপারিশ অবিলম্বে বাস্তবায়নযোগ্য বলে বিবেচিত, সেগুলো জাতীয় সংসদ নির্বাচনের আগেই সরকারকে বাস্তবায়ন করতে হবে বলে উল্লেখ করা হয়েছে।
তবে কমিশনের ভাষ্য অনুযায়ী, খসড়ার বিভিন্ন বিষয়ে একমত হননি কিছু দল। এসব ভিন্নমতের বিষয়গুলো নোট অব ডিসেন্ট আকারে সনদে অন্তর্ভুক্ত করা হয়েছে।
