বাজারে নতুন ডিজাইনের ১ হাজার, ১০০, ৫০ ও ২০ টাকার নতুন নোট ইস্যু করেছে বাংলাদেশ ব্যাংক। নগদ লেনদেনের ক্ষেত্রে জাল নোটের প্রতারণা থেকে বাঁচতে আসল নতুন ডিজাইনের নোট চেনার ক্ষেত্রে বেশকিছু পরামর্শও দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক জানায়, বাংলাদেশ ব্যাংক কর্তৃক সম্প্রতি বাজারে ইস্যুকৃত নতুন ডিজাইনের ১০০০, ১০০, ৫০ ও ২০ টাকার নোট প্রচলনে দেয়া হয়েছে। পাশাপাশি ইস্যুকৃত পূর্ববর্তী সংস্করণের নোটসমূহের বৈধতা ও লেনদেনযোগ্যতা বহাল রয়েছে। নগদ লেনদেনে আসল নোটের ব্যবহার নিশ্চিতকরণ ও জাল নোট প্রতিরোধে সকলকে সচেতন ও সতর্ক থাকার পরামর্শ দেয়া যাচ্ছে।
বিজ্ঞপ্তিতে নতুন ডিজাইনের নোট গ্রহণের সময় নোটের নিরাপত্তা বৈশিষ্ট্যগুলো ভালোভাবে দেখে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। যেমন: জলছাপ, অসমতল ছাপা, নিরাপত্তা সুতা, রং পরিবর্তনশীল কালি এবং ক্ষুদ্র লেখা ইত্যাদি যথাযথভাবে যাচাই করুন।
