সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি হিসেবে ২৫ জনকে হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। নিয়োগপ্রাপ্তদের মধ্যে আইন ও বিচার বিভাগের সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, সলিসিটর, জুডিশিয়াল সার্ভিস কমিশনের সচিব, সাত জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং সুপ্রিম কোর্টের ৯ জন আইনজীবী রয়েছেন।
সোমবার (২৫ আগস্ট) এ বিষয়ে রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
আইন সচিব শেখ আবু তাহের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান-এর ৯৫ (১) অনুচ্ছেদ অনুসারে বাংলাদেশের প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে সংবিধানের ৯৮ অনুচ্ছেদ মোতাবেক নিম্নের ২৫ জন ব্যক্তিকে শপথ গ্রহণের তারিখ থেকে অনধিক দুই বছরের জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক নিয়োগদান করেছেন।
তারা হলেন– সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আনোয়ারুল ইসলাম শাহীন, আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব (সিনিয়র জেলা জজ) মো. সাইফুল ইসলাম, চট্টগ্রামের জেলা ও দায়রা জজ নুরুল ইসলাম, আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের (সিনিয়র জেলা ও দায়রা জজ), সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল (সিনিয়র জেলা ও দায়রা জজ) আজিজ আহমেদ ভুঞা, সুপ্রিম কোর্টের আইনজীবী রাজিউদ্দিন আহমেদ, সুপ্রিম কোর্টের আইনজীবী ফয়সল হাসান আরিফ, আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব (সিনিয়র জেলা জজ) এস, এম সাইফুল ইসলাম, সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আসিফ হাসান, সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জিয়াউল হক, ডেপুটি অ্যাটর্নি জেনারেল দিহিদার মাসুম কবীর, হবিগঞ্জের জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগম, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের সচিব (সিনিয়র জেলা জজ) মুরাদ-এ-মাওলা সোহেল, ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন, আইন ও বিচার বিভাগের সলিসিটর মো. রাফিজুল ইসলাম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মনজুর আলম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. লুৎফর রহমান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. রেজাউল করিম, সুপ্রিম কোর্টের আইনজীবী ফাতেমা আনোয়ার, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহমুদ হাসান, সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুর রহমান, সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ হাসান যুবাইর, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ. এফ. এম সাইফুল করিম, সুপ্রিম কোর্টের আইনজীবী উর্মি রহমান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস. এম. ইফতেখার উদ্দিন মাহমুদ।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, এ নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে। এ নিয়োগে যিনি সাক্ষর করেছেন সেই আইন সচিবও বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন।
মঙ্গলবার নবনিযুক্ত এই বিচারপতিদের শপথ পড়াবেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে এ শপথ অনুষ্ঠিত হবে।
