ঢাকা মঙ্গলবার , ২৬ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ডলার-ট্রেজারির দরপতন, দাম বেড়েছে স্বর্ণের

আইএম নিউজ ডেস্ক
আগস্ট ২৬, ২০২৫ ১১:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেডারেল রিজার্ভের (কেন্দ্রীয় ব্যাংক) গভর্নর লিসা কুককে হঠাৎ বরখাস্ত করার ঘোষণা দিয়েছেন। তার দাবি, কুক মর্টগেজ ঋণের জন্য ভুয়া তথ্য দিয়েছেন। যদিও এই অভিযোগের পক্ষে কোনও প্রমাণ হাজির করতে পারেননি তিনি। খবর রয়টার্স

এই সিদ্ধান্তকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের ফেডের স্বাধীনতা নিয়ে আস্থা আরও নড়বড়ে হয়ে পড়েছে। বাজারে অস্থিরতা ছড়িয়ে পড়েছে ডলার ও দীর্ঘমেয়াদি ট্রেজারির দরে। একইসঙ্গে বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয়ের দিকে ঝুঁকেছেন, যার ফলে স্বর্ণের দাম বেড়ে দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে।

ট্রাম্পের ঘোষণার পরপরই মুদ্রাবাজারে চাপ তৈরি হয়। ডলার ইয়েনের বিপরীতে ০.৩ শতাংশ কমে দাঁড়ায় ১৪৭.৩২ ইয়েনে। ইউরো ০.২ শতাংশ বেড়ে দাঁড়ায় ১.১৬৩৭ ডলারে। ডলার সূচকও ০.২ শতাংশ কমে যায়।

বন্ড বাজারেও ওঠানামা দেখা গেছে। ১০ বছরের মার্কিন ট্রেজারির আয় বেড়ে দাঁড়ায় ৪.২৯৩ শতাংশে। ৩০ বছরের বন্ডের আয় বেড়ে দাঁড়ায় ৪.৯২১ শতাংশে। তবে দুই বছরের ট্রেজারির আয় ৩ বেসিস পয়েন্ট কমে ৩.৭ শতাংশে নেমে আসে।

বাজারে অনিশ্চয়তা ছড়িয়ে পড়ায় বিনিয়োগকারীরা স্বর্ণে ঝুঁকছেন। মঙ্গলবার স্বর্ণের দাম ০.২ শতাংশ বেড়ে দাঁড়ায় প্রতি আউন্স ৩ হাজার ৩৭২ ডলারে। দিনের মধ্যে একপর্যায়ে দাম ওঠে ৩ হাজার ৩৮৬ ডলারে, যা ১১ আগস্টের পর সর্বোচ্চ।

ওয়াল স্ট্রিটে পতনের পর এশিয়ার বাজারেও ধাক্কা লাগে। এমএসসিআই এশিয়া-প্যাসিফিক সূচক পড়ে ০.৬ শতাংশ। জাপানের নিক্কেই সূচক ১.১ শতাংশ কমে যায়। ইউরোপের বাজার খোলার আগেই ফিউচার সূচকগুলোও দুর্বল হয়। ইউরো স্টক্স ৫০ ফিউচার পড়ে ০.৫৭ শতাংশ, জার্মান ড্যাক্স ফিউচার ০.৪২ শতাংশ ও এফটিএসই ফিউচার ০.৩৫ শতাংশ কমে। মার্কিন এসঅ্যান্ডপি ৫০০ ই-মিনি ফিউচারও ০.১৭ শতাংশের নিচে নামে।

ফেডের গভর্নরকে সরিয়ে দেয়ায় বাজারে নেতিবাচক সিগন্যাল গেছে। বিশ্লেষকেরা বলছেন, এটি যুক্তরাষ্ট্রের অর্থনীতির বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ন করছে।

টোকিওতে স্টেট স্ট্রিটের ম্যানেজার বার্ট ওয়াকাবায়াশি বলেন, ‘সব মিলিয়ে শুল্কনীতিসহ এসব পদক্ষেপ যুক্তরাষ্ট্রকে অবিশ্বস্ত হিসেবে তুলে ধরছে। অথচ বিশ্বের সবচেয়ে নিরাপদ বিনিয়োগ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রধান শক্তি ছিল বিশ্বাসযোগ্যতা।’

ট্রাম্পের এই পদক্ষেপ ফেডের ভবিষ্যৎ নীতি নিয়েও অনিশ্চয়তা তৈরি করেছে। বড় আর্থিক প্রতিষ্ঠান বার্কলেস, বিএনপি পারিবাস ও ডয়চে ব্যাংক এখন সেপ্টেম্বরে ০.২৫ শতাংশ সুদহার কমার পূর্বাভাস দিচ্ছে। ফিউচার বাজারেও সুদহার কমার সম্ভাবনা ধরা হচ্ছে ৮৩ শতাংশ।

তবে সেপ্টেম্বরে ফেডের বৈঠকের আগে প্রকাশিত হবে আগস্ট মাসের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক তথ্য। বিশেষ করে ভোক্তা ব্যয়ের তথ্য (পিসিই) ফেডের মূল মুদ্রাস্ফীতি সূচক হিসেবে বিবেচিত হয়। এ তথ্যের ওপরও নির্ভর করবে চূড়ান্ত সিদ্ধান্ত।

মার্কিন অপরিশোধিত তেলের দাম ০.৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৬৪.৪৭ ডলারে নেমে এসেছে। এর মধ্যেই ট্রাম্প আবারও বাণিজ্য অংশীদারদের ওপর নতুন শুল্ক আরোপের হুমকি দিয়েছেন, বিশেষ করে যেসব দেশ ডিজিটাল কর চালু করেছে তাদের বিরুদ্ধে।

সংবাদটি শেয়ার করুন....