ঢাকা শুক্রবার , ২৯ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ ১৬ জন গ্রেপ্তার

আইএম নিউজ ডেস্ক
আগস্ট ২৯, ২০২৫ ১০:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি চ্যানেল 24 কে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম।

মো. শফিকুল ইসলাম বলেন, আটক ব্যক্তিদের বক্তৃতা, বিবৃতি, বই, কলামের লেখা ইত্যাদি বিশ্লেষণ করে পুলিশ সন্ত্রাসবাদের আলামত পেয়েছে।

তিনি আরও বলেন, ‘লতিফ সাহেবের বক্তৃতা দেখলাম, যেই ব্যানারে আসছে সেই ব্যানারটা দেখলাম। এছাড়া, তাদের কলাম-বই এসব অ্যানালাইসিস করে দেখলাম একটা নির্দিষ্ট দিকে যাচ্ছে।

তিনি যোগ করেন, ‘তারা যে সমস্ত বক্তৃতা-বিবৃতি দিচ্ছে , তা রাষ্ট্রের অবস্থানের সাথে কন্ট্রাডিক্টরি (বিরোধী)।’

এর আগে বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ১২টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) প্রাঙ্গণ থেকে তাদের আটক করা হয়।

জানা গেছে, সকালে ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকের আয়োজন করে ‘মঞ্চ ৭১’। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল গণফোরামের সাবেক সভাপতি ড. কামাল হোসেনের। অনুষ্ঠানে হট্টগোল দেখা দিলে সেখান থেকে তাদের আটক করা হয়।

সংবাদটি শেয়ার করুন....