আগামী সোমবার (১৩ অক্টোবর) মিশরের শারম আল-শেখে শুরু হচ্ছে আন্তর্জাতিক শান্তি সম্মেলন। এই শীর্ষ সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা।
জর্ডানের রাষ্ট্রীয় টেলিভিশন আল-মামলাকা জানিয়েছে, সোমবারের ‘শারম আল-শেখ শান্তি সম্মেলন’ যৌথভাবে আয়োজন করছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে ২০টিরও বেশি দেশের রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধান অংশ নেবেন।
ইইউ-এর মুখপাত্র জানিয়েছেন, আন্তোনিও কস্তা ইউরোপীয় ইউনিয়নের পক্ষে সম্মেলনে যোগ দেবেন, পাশাপাশি ইইউ-এর কয়েকটি সদস্যদেশের নেতারাও উপস্থিত থাকবেন। মুখপাত্র বলেন, ‘ন্যায়সঙ্গত ও টেকসই শান্তি প্রতিষ্ঠার বাস্তব সুযোগ এনে দিয়েছে মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা। ইউরোপীয় ইউনিয়ন এই প্রচেষ্টাকে সর্বাত্মকভাবে সমর্থন করছে এবং এর বাস্তবায়নে ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।’
মিশরের প্রেসিডেন্ট সিসির কার্যালয় থেকে জানানো হয়েছে, লোহিত সাগরের তীরে অবস্থিত এই রিসোর্ট শহরে আয়োজিত সম্মেলনের উদ্দেশ্য হলো, ‘গাজা উপত্যকার চলমান যুদ্ধের অবসান, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা জোরদার করা এবং আঞ্চলিক নিরাপত্তা ও উন্নয়নের নতুন যুগের সূচনা করা।’ তবে সম্মেলনে ইসরায়েল ও গাজার শাসকগোষ্ঠী হামাস-দুই পক্ষের কেউই অংশ নিচ্ছে না বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।
