ঢাকা শুক্রবার , ১৭ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

জুলাই সনদ স্বাক্ষরের ঐতিহাসিক মুহূর্তের অংশীদার হতে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার

আইএম নিউজ ডেস্ক
অক্টোবর ১৭, ২০২৫ ৮:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানের ঐতিহাসিক মুহূর্তের অংশীদার হতে দেশবাসীকে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। একইসঙ্গে শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে অনুষ্ঠেয় জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষর অনুষ্ঠান সব টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমে সরাসরি সম্প্রচারের আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে দেয়া এক বার্তায় প্রধান উপদেষ্টা বলেছেন, ‘আমরা সব টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমকে আহ্বান জানাচ্ছি, তারা যেন জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেন।’

তিনি দেশের জনগণের উদ্দেশে বলেন, ‘যেখানেই থাকুন— বাড়িতে, পথে, দোকানে, কারখানায়, মাঠে কিংবা খেলাধুলার আসরে— সরাসরি সম্প্রচারে যুক্ত হোন এবং এই ঐতিহাসিক মুহূর্তের অংশীদার হোন।’

অধ্যাপক ইউনূস আরও বলেন, ‘আমাদের রাজনৈতিক, ধর্মীয় বা জাতিগত পার্থক্য সত্ত্বেও আমরা সবাই এক ও অভিন্ন জাতি।’

‘এটি আমাদের একসঙ্গে উদযাপনের সময়— ঐক্যের শক্তি অনুভব করার সময়— গৌরব ও আশার এই ঐতিহাসিক দিন থেকে নতুন প্রেরণা সঞ্চয়ের সময়,’ যোগ করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন....