রাশিয়া থেকে তেল কেনার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের পর ভারত সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে— প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ট্রাম্পের কোনো ফোনালাপ হয়নি। খবর এনডিটিভির।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘জ্বালানি ইস্যুতে যুক্তরাষ্ট্রের মন্তব্যের বিষয়ে আমরা ইতোমধ্যে বিবৃতি দিয়েছি। প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে কোনো ফোনালাপ হয়নি—এটা স্পষ্টভাবে জানাচ্ছি।’
সম্প্রতি ট্রাম্প হোয়াইট হাউসে সাংবাদিকদের কাছে দাবি করেন, প্রধানমন্ত্রী মোদি তাকে আশ্বস্ত করেছেন যে ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে। ,
তিনি বলেন, ‘মোদি আমাকে আজ জানিয়েছেন যে ভারত রাশিয়া থেকে তেল কিনবে না। পুরো প্রক্রিয়া শেষ হতে কিছুটা সময় লাগবে, তবে সেটা শিগগিরই সম্পন্ন হবে।’
তিনি আরও বলেন, ‘ভারতের এই সিদ্ধান্ত রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান সহজ করবে।’ একইসঙ্গে তিনি ভারতের প্রশংসা করে বলেন, ‘মোদি একজন মহান মানুষ, ভারত এক অবিশ্বাস্য দেশ। আমাদের সম্পর্ক অত্যন্ত ভালো।’
এই বক্তব্যের পরই ভারত সরকার স্পষ্ট জানায়, এমন কোনো আলোচনা হয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের লিখিত বিবৃতিতে বলা হয়, ‘ভারত তেল ও গ্যাসের একটি বড় আমদানিকারক দেশ। বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতার মধ্যে ভারতীয় ভোক্তাদের স্বার্থ সুরক্ষাই আমাদের অগ্রাধিকার। আমাদের জ্বালানি নীতি সম্পূর্ণরূপে জাতীয় স্বার্থনির্ভর।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘ভারতের জ্বালানি নিরাপত্তা দুটি স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে— স্থিতিশীল দাম ও নিশ্চিত সরবরাহ। এজন্য ভারত তার জ্বালানি উৎস বৈচিত্র্যময় করছে এবং বাজার পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ নিচ্ছে।’
যুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি সহযোগিতা প্রসঙ্গে সেই বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা গত এক দশক ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি বাণিজ্য বাড়ানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। বর্তমান প্রশাসনও এই সহযোগিতা আরও গভীর করতে আগ্রহ দেখিয়েছে, এবং আলোচনা চলছে।’
