কনক বড়ুয়া, কক্সবাজার প্রতিনিধি :: আমন ধানের ভরা মৌসুম চলছে। ধান কাটায় ব্যস্ত উখিয়ার কৃষকরা। কিন্তু, বাড়িতে ধান মাড়াইয়ে দম নেওয়ার সময় নেই কৃষাণিদের। কাক ডাকা ভোরে শুরু হয় আর চলে গভীর রাত পর্যন্ত।
কক্সবাজারের উখিয়া উপজেলায় আমন ধানের বাম্পার ফলন হয়েছে। দামও বেশ ভালো। এতে কৃষকের মুখে হাসির ঝিলিক দেখা দিয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ জানিয়েছে, চলতি আমন মৌসুমে ৫ ইউনিয়নে ৯ হাজার ৬৮০ হেক্টর জমিতে আমন চাষ হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে ২০ হেক্টর বেশি। বিভিন্ন জাতের বীজ ধান দিয়ে আমনের চাষাবাদ করার জন্য পরামর্শ ও উদ্বুদ্ধ করা হয়। এতে ভালো ফলন উৎপাদন করা ও কৃষকদের মুখে হাসি ফুটানো সম্ভব।
উখিয়া উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে- আমন ধানের সোনালী শীষে ভরে গেছে কৃষকের ক্ষেত। বাতাসে দোল খাচ্ছে ধানের শীষ। মৌ মৌ গন্ধে চারদিক মুখরিত। উখিয়ার কৃষাণ-কৃষাণীরা ধান কাটা, মাড়াই, সিদ্ধ, শুকানো ও গোলায় তুলতে ব্যস্ত সময় পার করছে। কৃষকের পাশাপাশি ব্যস্ততা বেড়েছে দিন মজুরদেরও। অন্তত আগামী দুই সপ্তাহ ধরে টানা এভাবে ধান কাটা-মাড়াইয়ের কাজে কৃষিজীবী মানুষের অবকাশ মিলবে না।
উপজেলার রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া এলাকায় গিয়ে দেখা যায়, সেখানকার মাঠে বিস্তীর্ণ আমন খেত। ধান কেটে কেউ মাঠে রোদে রেখেছেন, কেউবা মাথায় করে ঘরে নিতে ব্যস্ত। সরেজমিন দেখা গেছে, উখিয়ার পূর্ব ডিগলিয়া, উত্তর পুকুরিয়া, পালংখালীর ফারিরবিল, হলদিয়ার পশ্চিম মরিচ্যা, চৌধুরীপাড়া, পাতাবাড়িসহ উপজেলার গ্রামে গ্রামে এখন চলছে আমন ধান মাড়াইয়ের উৎসব। ক্ষেতের প্রায় ৭০ভাগ ধান চলে এসেছে কৃষকের উঠানে। উপজেলার সামাজিক রীতি অনুযায়ি মাঠের সব কাজ করেন পুরুষ কৃষক আর বাড়ির কাজ করেন নারীরা।
বিশেষ করে ধান মাড়াই, বাতাসে উড়ানো, কুলা দিয়ে ঝাড়া, শুকানো ও ওজন দিয়ে সংরক্ষণ করা, শুকানো, আবার কখনো ঢেঁকিতে চাল ছাঁটাই করা। ধান বিক্রি, বীজ ও খাবারের ধান পৃথক করে সংরক্ষণ করতে হয়। বিপুল পরিমাণ খাদ্য উৎপাদনে জেলায় নারীদের অবদান অপরিসীম।
জালিয়াপালংয়ের কৃষক আব্দু রশিদ। তিনি জানান, ক্ষেতে অনেক পরিশ্রম করেছি, সার সংকট থাকলে যথাসময়ে পানি থাকায় এবার ভালো ফলন হয়েছে। অন্যান্য বছরের তুলনায় এবারের ফলন ভালো হওয়ায় খুব আনন্দ লাগছে। দেড় একর জমিতে গতবারের তুলনায় ১৫ থেকে ২০ মণ ধান বেশি পাওয়া আশা করছেন তিনি। রশিদের মতো ফলনে সন্তোষ প্রকাশ করেছেন এই জেলার প্রায় প্রত্যেক কৃষক।
উপজেলা কৃষি কর্মকর্তা জানান, উখিয়ার কৃষকদের আমন চাষাবাদে উদ্বুদ্ধ করতে বিনামূল্যে বীজসহ কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। জমি নির্বাচন, রোপণ পদ্ধতি প্রযুক্তি ব্যবহার, সঠিক সার প্রয়োগ ও রোগ বালাই দমনে কৃষকদের হাতেকলমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তবে আশা করা হচ্ছে কৃষকেরা আশানুরূপ ফলন গোলায় তুলতে পারবে।
