ঢাকা বুধবার , ১৫ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

পটুয়াখালীতে নিউজের ভয় দেখিয়ে চেয়ারম্যানের কাছে চাঁদা দাবি

অনলাইন ডেস্ক
মার্চ ১৫, ২০২৩ ১২:১২ অপরাহ্ণ
Link Copied!

পটুয়াখালীর মির্জাগঞ্জে কথিত সাংবাদিকের বিরুদ্ধে এক ইউপি চেয়ারম্যানের কাছে লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। কথিত ওই সাংবাদিকের নাম রফিকুল ইসলাম সাদ্দাম। সে উপজেলার পশ্চিম সুবিদখালী গ্রামের আব্দুল মজিদ মুন্সির ছেলে ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। এর আগেও তার বিরুদ্ধে একাধিক ব্যক্তির কাছ থেকে মিথ্যা সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে চাঁদা দাবির অভিযোগ রয়েছে।

সম্প্রতি উপজেলার মাধবখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মিজানুর রহমান লাভলুকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন।

এ বিষয়ে ভুক্তভোগী ইউপি চেয়ারম্যান কাজী মিজানুর রহমান (লাভলু) অভিযোগ করে বলেন, আমার পূর্ববর্তী চেয়ারম্যান ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্রদের একটি তালিকা করেন। সেই তালিকায় অসঙ্গতির মিথ্যা অভিযোগ তুলে সংবাদ প্রকাশের ভয় দেখায় এবং তার সঙ্গে সরাসরি দেখা করার প্রস্তাব দেয়। এরপরে ১২ মার্চ সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্ত্বরে গেলে তাকে ঘাটলায় নিয়ে যায়। সেখানে বসে বিভিন্ন কথা বলে ও ভয়-ভীতি দেখায় এবং আমার বিরুদ্ধে ধারাবাহিকভাবে নিউজ করার হুমকি দিয়ে কিছু টাকা দাবি করে। তখন আমি মান-সম্মান ক্ষুন্ন হওয়ার ভয়ে আমার পকেটে থাকা ১৬ হাজার (১ হাজার টাকার নোট) টাকা তাকে দিয়ে আমি বাসায় চলে যাই। পরে রাতে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে কল দিয়ে আরও ১৪ হাজার টাকা দাবি করেন। এর কিছুক্ষণ পর পুনরায় কল করে সাথে আরো লোক থাকার কথা বলে ১ লাখ টাকা চাদা দাবি করে।

চাঁদা দাবির অভিযোগের বিষয়ে জানতে কথিত সাংবাদিক রফিকুল ইসলাম সাদ্দামকে কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ ব্যাপারে মির্জাগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন....