ধর্মপাশা প্রতিনিধি :: সুনামগঞ্জের ধর্মপাশায় জলমহালে অবৈধভাবে জাল পেতে মাছ ধরতে বাধা দেওয়াকে কেন্দ্র করে জেলেদের হামলায় পাহারাদার তৌফিক খান (৩৫) নিহত হয়েছেন।
বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের মনাই নদীর সুনই জলমহালে এ ঘটনা ঘটে। নিহত ওই পাহারাদারের বাড়ি উপজেলার বেখইজোড়া গ্রামে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে জলমহালটির পাহারাদারের কাজে নিয়োজিত তৌফিক খানসহ ১৪ পাহারাদার দুটি নৌকাযোগে ওই জলমহালটিতে রক্ষণাবেক্ষণের জন্য যান। এ সময় একই ইউনিয়নের বেরিকান্দি গ্রামের শাহজাহান মিয়ার নেতৃত্বে ৩০-৩৫ জন জেলে জাল পেতে মাছ ধরছিলেন।
তাদের সহযোগিতা করার জন্য ৮টি নৌকায় আরও ৪০-৪৫ জন জেলে নিয়োজিত ছিল। অবৈধভাবে মাছ ধরতে বাধা দিলে জেলেরা জলমহালটির পাহারাদারদের উদ্দেশ্য করে ইটপাটকেল ও পাথর নিক্ষেপ করতে থাকে। একপর্যায়ে ইটপাটকেলের আঘাত ও এলোপাতাড়ি কিল-ঘুসিতে তৌফিক খান অচেতন হয়ে নৌকা থেকে ওই জলমহালের পানিতে পড়ে যান। এ সময় জেলেদের দল সেখান থেকে চলে যায়।
অন্য পাহারাদাররা খোঁজাখুঁজি করে রাত ৮টার দিকে ওই জলমহালটি থেকে তৌফিককে উদ্ধার করে রাত সাড়ে ৯টার দিকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলার বেরিকান্দি গ্রামের বাসিন্দা শাহজাহান মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
পাইকুরাটি ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক ইকবাল বলেন, অবৈধভাবে জলমহালে মাছ ধরতে বাধা দেওয়া কেন্দ্র করে জেলেদের মারধরে পাহারাদার তৌফিক খান নিহত হয়েছে বলে খবর পেয়েছি। ঘটনাটি খুবই দুঃখজনক।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য লাশটি সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। যারা এ ঘটনায় জড়িত তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনার জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
