ঢাকা শুক্রবার , ৯ সেপ্টেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

নিখোঁজ শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

আইএম নিউজ
সেপ্টেম্বর ৯, ২০২২ ৪:৪৮ অপরাহ্ণ
Link Copied!

সিলেট প্রতিনিধি :: নিখোঁজের পাঁচ দিনের মাথায় সিলেটের জকিগঞ্জে শিশু শাম্মী আক্তারের (৭) বস্তাবন্দি লাশ উদ্ধার হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় পৌর এলাকার কেছরী গ্রামের ঝুপড়িতে বস্তাবন্দি এক শিশুর লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। ঘটনাস্থলে গিয়ে মেয়ের লাশ শনাক্ত করেন আজমল হোসেন।

নিহত শাম্মী আক্তার ভরন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। তার বাড়ি জকিগঞ্জ সদর ইউপির মানিকপুর গ্রামে।

বাবা আজমল হোসেন জানান, গত রোববার বিকালের দিকে জকিগঞ্জ বাজারের পুরাতন লঞ্চঘাটের ছাউনির দিকে যায় শাম্মী আক্তার। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি। ওই রাতে তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। ঘটনার পাঁচ দিনের মাথায় শুক্রবার সন্ধ্যায় কেছরী গ্রামের ঝুপড়ির ভেতর শাম্মীর বস্তাবন্দি লাশ পাওয়া যায়।

তিনি বলেন, আমার অবুঝ কন্যাশিশুকে কারা কেন নির্মমভাবে হত্যা করল তা বলতে পারছি না। এ ঘটনায় হত্যা মামলা করব।

জকিগঞ্জ থানার ওসি মো. মোশাররফ হোসেন জানান, লাশ ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত চলছে। জড়িতদের দ্রুত গ্রেফতার করতে পুলিশ কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন....