ঢাকা শুক্রবার , ১৬ সেপ্টেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

বরিশালের তিন জেলায় একক প্রার্থী

আইএম নিউজ
সেপ্টেম্বর ১৬, ২০২২ ৩:১৯ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :: আসন্ন জেলা পরিষদ নির্বাচনে বরিশালের তিন জেলার চেয়ারম্যান প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন। বিভাগের ঝালকাঠিতে খান সাইফুল্লাহ পনির, বরগুনায় জাহাঙ্গীর কবীর ও ভোলায় আব্দুল মমিন টুলু একক চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেন। তারা সকলেই আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী।

বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের সময় শেষে শুক্রবার সকালে জেলার রিটার্নিং কর্মকর্তারা এ তথ্য নিশ্চত করছেন।

সূত্রমতে, বিভাগের ঝালকাঠি জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। ফলে মনোনয়নপত্র বৈধ হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনিই হবেন জেলা পরিষদের চেয়ারম্যান। এছাড়াও এ জেলায় ৬টি সদস্য পদে ১৫ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

এসব পদে আওয়ামী লীগের ছয় প্রার্থী শমিসুল ইকরাম পিরু, নলছিটি উপজেলায় সোহরাব হোসেন মাস্টার, রাজাপুরে অ্যাডভোকেট খাইরুল আলম সরফরাজ, কাঁঠালিয়ায় এসএম ফয়জুল আলম সিদ্দিকী ফিরোজ, সংরক্ষিত নারী সদস্য হিসাবে হোসনে আরা মান্নান (ঝালকাঠি-নলছিটি) ও নারী সদস্য হিসাবে জাহানারা হক (রাজাপুর-কাঁঠালিয়া) মনোনয়নপত্র দাখিল করেন। সদস্য পদে আওয়ামী লীগের মনোনয়ন ছাড়াও ৯ জন মনোনয়নপত্র দাখিল করেন।

এদিকে, প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বরগুনা জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর। এছাড়াও এ জেলায় সংরক্ষিত ২টি আসনের বিপরীতে ৮ জন ও সাধারণ সদস্য ৬ জনের বিপরীতে ২৩ জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

অপরদিকে, বিভাগের দ্বীপ জেলা ভোলায় জেলা পরিষদ নির্বাচনে একক প্রার্থী হওয়ায় হেট্রিক করতে চলছেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আবদুল মমিন টুলু। এনিয়ে তিনি এই জেলায় তৃতীয়বারের মতো চেয়ারম্যান হতে যাচ্ছেন। জেলায় সাধারণ সদস্য সাত পদের বিপরীতে ১০টি, নারী সদস্য ৩ পদের বিপরীতে ৫টি মনোনয়নপত্র জমা পড়েছে।

সংবাদটি শেয়ার করুন....